‎ এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর

 স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ তিন বছর পেছানোর বিষয়ে চলতি অক্টোবরের মধ্যেই সিদ্ধান্ত আসবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সোমবার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ও বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের (বিএফটিআই) যৌথ আয়োজনে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

মন্ত্রী বলেন, উত্তরণ পেছানোর বিষয়ে জাতিসংঘের সংশ্লিষ্ট পর্যায়ে অগ্রগতি হয়েছে। আগামী ২৪ নভেম্বরের নির্ধারিত সময়সীমার আগেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যেতে পারে বলে তিনি আশা করছেন।

বাড়তি সময় পাওয়া গেলে তা কাজে লাগাতে সরকার সময়বদ্ধ কর্মপরিকল্পনা তৈরি করেছে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) আলোচনাও বাংলাদেশের এলডিসি উত্তরণের আগেই শেষ করার লক্ষ্য রয়েছে।

খন্দকার আব্দুল মুক্তাদির জানান, ২০২৬ ও ২০২৭ সালের মধ্যে আট থেকে দশটি দেশের সঙ্গে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সেপা) অথবা মুক্তবাণিজ্য চুক্তি সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে আঞ্চলিক বিস্তৃত অর্থনৈতিক অংশীদারত্ব (আরসেপ) চুক্তিতে যোগ দেওয়ার প্রক্রিয়াও এগিয়ে চলছে।

ব্যবসা-বাণিজ্য সহজ করতে ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন অনুমোদন অনলাইনে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। এ ছাড়া বিভিন্ন লাইসেন্সের মেয়াদ তিন থেকে পাঁচ বছর করা এবং সরকারি সংস্থাগুলোর পরিদর্শন কার্যক্রম সমন্বিত করার পরিকল্পনার কথাও তুলে ধরেন মন্ত্রী।

তিনি বলেন, ব্যবসা শুরু করতে প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমতি সংগ্রহে দীর্ঘ সময় ব্যয় হয়। এ পরিস্থিতি পরিবর্তনে একক অনলাইন পোর্টালের মাধ্যমে ট্রেড লাইসেন্স দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। ২০২৭ সালের মধ্যে এ ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনের প্রত্যাশা করেন তিনি।

বিনিয়োগ বাড়াতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ, সহজ ব্যবসায়িক প্রক্রিয়া এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন বাণিজ্যমন্ত্রী। জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন, গ্যাসকূপ খনন ও সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগের কথাও জানান তিনি।

সেমিনারে সভাপতিত্ব করেন ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএফটিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোস্তফা আবিদ খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইআরএফের কার্যনির্বাহী কমিটির সদস্য এসএসএম মঈনুল হক।