গোয়াইনঘাটে দুর্গাপূজার নিরাপত্তা পর্যবেক্ষণে ইউএনও, লুনী সুব্রত শর্মার বাড়ির মন্দির পরিদর্শন!
এ কে আজাদ স্টাফ রিপোর্টার।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী। শনিবার (১৭ অক্টোবর ২০২৬) সন্ধ্যা ৭টার দিকে তিনি লুনী সুব্রত শর্মার বাড়িতে অবস্থিত দুর্গামন্দির পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ইউএনও পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি, পূজার প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সঙ্গে তিনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফজলুল হক, গোয়াইনঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) গোলাম কিবরিয়া, সদর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য তাজ উদ্দিনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পরিদর্শনকালে পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দর্শনার্থীদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্যাপন কমিটি ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়।
ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে দুর্গাপূজা উদ্যাপনে সবার সহযোগিতা কাম্য। স্থানীয় পর্যায়ে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ ও সচেতনতামূলক উদ্যোগের মাধ্যমে পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং উৎসবের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।