জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার জাপানের রাজধানী টোকিওতে প্রধানমন্ত্রীর কার্যালয় কান্তেইতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের আগে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। এ সময় জাপানের সশস্ত্র বাহিনীর একটি দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। দুই দেশের জাতীয় সংগীত পরিবেশনের পর গার্ড অব অনার পরিদর্শন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়েও দুই নেতা মতবিনিময় করবেন।
বৈঠকে বাংলাদেশের পক্ষে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল অংশ নেয়। জাপান সফরের মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব আরও শক্তিশালী করা, জাপানি বিনিয়োগ আকর্ষণ এবং বাংলাদেশের পণ্যের জন্য জাপানের বাজারে প্রবেশাধিকার সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
চার দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের সরকারি কর্মকর্তা, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ও ব্যবসায়ী নেতাদের সঙ্গেও বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। সফরের অংশ হিসেবে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক ফোরামেও তাঁর বক্তব্য দেওয়ার কথা রয়েছে।