আন্তর্জাতিক

 ঢাকাকে বাসযোগ্য করতে মাঠে নামছে ২০টি টিম, অনিয়মে জরিমানা ও সরকারি বাসা বরাদ্দ বাতিলের নির্দেশ

 ঢাকাকে বাসযোগ্য করতে মাঠে নামছে ২০টি টিম, অনিয়মে জরিমানা ও সরকারি বাসা বরাদ্দ বাতিলের নির্দেশ

 

রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তুলতে ২০টি পরিবীক্ষণ টিমকে কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সরকারি বাসস্থানে অপরিচ্ছন্ন পরিবেশ কিংবা এডিস মশার লার্ভা পাওয়া গেলে ফ্ল্যাটের বরাদ্দ বাতিল এবং নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বড় অঙ্কের জরিমানা করার নির্দেশ দিয়েছেন তিনি।

সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৩টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ঢাকা মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়ন ও পরিবীক্ষণবিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী প্রথম দিন থেকেই ঢাকাকে বাসযোগ্য করে তুলতে সচেষ্ট রয়েছেন। তিনি নিজে বিভিন্ন সরকারি হাসপাতাল ও কোয়ার্টারের অবস্থা পরিদর্শন করেছেন। কিন্তু বড় বড় সরকারি কোয়ার্টার, বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ও হাসপাতালে অভিযান চালিয়ে এডিস মশার লার্ভা এবং পরিচ্ছন্নতার ক্ষেত্রে চরম অবহেলার চিত্র পাওয়া গেছে।

পরিবীক্ষণ কমিটির সদস্যদের উদ্দেশে তিনি বলেন, তাঁরা প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে মাঠপর্যায়ে কাজ করছেন। কোথাও অনিয়ম কিংবা মশার লার্ভা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে এবং কঠোর জরিমানা করতে হবে। সরকারি কর্মচারীরা নিজেদের আবাসন পরিষ্কার রাখতে ব্যর্থ হলে সরকারি বাসায় তাঁদের থাকার যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

রাজধানীর সৌন্দর্য ফিরিয়ে আনা ও অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, হাতিরঝিল, ধানমন্ডি, বনানী ও গুলশান লেক পরিষ্কার-পরিচ্ছন্ন করে আগের সৌন্দর্য ফিরিয়ে আনতে রাজউক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কাজ করছে।

এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৯টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬টি খাল পুনঃখনন, গাইড ওয়াল নির্মাণ ও নেটিংয়ের কাজ চলমান রয়েছে। প্লাস্টিক ও লোহার ডাস্টবিন চুরির বিষয়টি বিবেচনায় নিয়ে ফাইবার বোর্ড দিয়ে নতুন ডাস্টবিন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই সিটি করপোরেশন পর্যায়ক্রমে এসব ডাস্টবিন স্থাপন করবে।

২০টি পরিবীক্ষণ টিম সমন্বিতভাবে কাজ করলে আগামী এক থেকে দুই মাসের মধ্যে রাজধানীতে দৃশ্যমান পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঢাকা মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিবীক্ষণের দায়িত্বে থাকা ২০টি কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।