দাঙ্গা নিয়ন্ত্রণে ‘কারফিউ’ জারি হচ্ছে ফ্রান্সে

 

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও শিক্ষাপ্রতিষ্ঠানের দুরবস্থা নিয়ে বিক্ষোভ থেকে সৃষ্ট সহিংসতা নিয়ন্ত্রণে বিভিন্ন এলাকায় কারফিউ জারির উদ্যোগ নিয়েছে সরকার।

সোমবার প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু জানান, নির্দিষ্ট কিছু এলাকায় আংশিক ও স্থানীয়ভাবে কারফিউ জারি করা হবে। ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই এর উদ্দেশ্য।

এর আগে রোববার সন্ধ্যায় প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ সরকারের প্রতিনিধিদের বিশেষ ক্ষমতা দেন। এর আওতায় তারা জমায়েত নিষিদ্ধ করতে পারবেন। মার্সেই শহরে সোমবার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত সব ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ জানান, ৬০ হাজার পুলিশ মোতায়েন করেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। রোববার তিনি পদত্যাগের প্রস্তাব দিলেও প্রেসিডেন্ট তা প্রত্যাখ্যান করেন।

গত শনিবারের বিক্ষোভ সহিংসতায় ২ হাজার ৩০০ জনের বেশি গ্রেপ্তার এবং প্রায় এক হাজার পুলিশ সদস্য আহত হয়েছেন। প্যারিস, লিওঁ ও মার্সেইসহ বিভিন্ন শহরে দোকানপাট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।