সিলেট
কানাইঘাটসহ সীমান্তবর্তী তিন উপজেলায়

 দুর্গাপূজার নিরাপত্তায় আট প্লাটুন বিজিবি মোতায়েন

 দুর্গাপূজার নিরাপত্তায় আট প্লাটুন বিজিবি মোতায়েন

ইকবাল বাহার , কনাইঘাট প্রতিনিধি

শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে সিলেটের কানাইঘাটসহ সীমান্তবর্তী তিন উপজেলায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জকিগঞ্জ ব্যাটালিয়ন (উনিশ বিজিবি)-এর অধীনে মোট আট প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট সেক্টরের অধীন জকিগঞ্জ ব্যাটালিয়নের একশ একত্রিশ দশমিক পাঁচ কিলোমিটার দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার মধ্যে জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার সীমান্তের আট কিলোমিটারের মধ্যে অবস্থিত মোট সাতান্নটি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ উপলক্ষে জকিগঞ্জ উপজেলায় একটি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ছয়টা বিশ মিনিট থেকে রাত সাতটা ত্রিশ মিনিট পর্যন্ত জকিগঞ্জ ব্যাটালিয়ন (উনিশ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ সোহেল আলম, পিবিজিএম, জকিগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় প্রতিনিধি ও পূজা কমিটির দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।

বিজিবি জানায়, পূজামণ্ডপের নিরাপত্তায় নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে বিজিবি সদস্যরা প্রস্তুত রয়েছেন।

এ ছাড়া এনটিএমসি প্রস্তুতকৃত ‘শারদীয় সুরক্ষা’ অ্যাপ্লিকেশনের মাধ্যমে পূজাকালীন অনাকাঙ্ক্ষিত ঘটনা সম্পর্কে দ্রুত তথ্য পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

দুর্গাপূজার নিরাপত্তার পাশাপাশি সীমান্ত দিয়ে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক ও অস্ত্র-গোলাবারুদ পাচার প্রতিরোধেও বিজিবির বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।