নগরবাসীকে সিসিক প্রশাসকের দুর্গাপূজার শুভেচ্ছা জ্ঞাপন

স্টাফ রিপোর্টার:

সিলেট নগরবাসীসহ দেশের সানতন হিন্দু সম্প্রদায়ের সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শনিবার (১৭ অক্টোবর) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দুর্গাপূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব।

আবহমানকাল ধরে এ দেশের মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সহমর্মিতার মধ্য দিয়ে বিভিন্ন ধর্মীয় উৎসব উদযাপন করে আসছে। এই ঐতিহ্য বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত।

তিনি বলেন, সিলেটের রয়েছে দীর্ঘদিনের ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের ঐতিহ্য। এই ঐতিহ্যকে ধারণ করে শারদীয় দুর্গাপূজা আনন্দ, উৎসাহ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে- এটাই প্রত্যাশা। নগরবাসী যাতে নিরাপদ, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে বিষয়ে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে।

সিসিক প্রশাসক বলেন, পূজামণ্ডপগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা, মশক নিধন, সড়কবাতি সচল রাখা এবং প্রয়োজনীয় নাগরিক সেবা নিশ্চিত করতে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগগুলো কাজ করছে। পূজা উদযাপনকে সফল ও নির্বিঘ্ন করতে সিসিকের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।

তিনি শারদীয় দুর্গাপূজার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করে বলেন, উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়ুক এবং পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হোক। শারদীয় দুর্গোৎসব সবার জীবনে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক