২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি ও লগি-বৈঠার তাণ্ডবের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে সিলেটের ওসমানীনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা জামায়াতে ইসলামী।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার তাজপুর কদমতলা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে তাজপুর বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ সোহরাব আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি আনহার মিয়ার সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি ও আসন্ন ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জাহেদুর রহমান চৌধুরী।
সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর রেজুয়ানুর রহমান চৌধুরী শাহীন, সহকারী সেক্রেটারি সাফির আহমদ, সৈয়দ নুরুল ইসলাম শাহজাহান এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মুমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জাহেদুর রহমান চৌধুরী বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত লগি-বৈঠার তাণ্ডব বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায়। প্রকাশ্য দিবালোকে সংঘটিত ওই সহিংসতার স্মৃতি আজও জাতির বিবেককে নাড়া দেয়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। বিচারহীনতার সংস্কৃতি কখনো রাষ্ট্রের জন্য কল্যাণকর হতে পারে না।
তিনি আরও বলেন, যারা রাজনৈতিক প্রতিপক্ষের ওপর সহিংসতা চালিয়েছে, মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে এবং সন্ত্রাসের রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা করেছে, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত রাজনৈতিক সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলোরও বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।
সভাপতির বক্তব্যে উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ সোহরাব আলী বলেন, ২৮ অক্টোবরের ঘটনা ভুলে যাওয়ার সুযোগ নেই। এ ঘটনার সঠিক ইতিহাস সংরক্ষণ, নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিচারের আওতায় আনতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় সবাইকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সমাবেশে উপজেলা ও স্থানীয় পর্যায়ের জামায়াত এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।