সিলেট

কানাইঘাটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

কানাইঘাটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

কানাইঘাট (সিলেট) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের কানাইঘাটে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) কানাইঘাট উপজেলা পৌর যুবদলের নেতৃত্বে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে যুবদলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কানাইঘাট পৌর শহরে এসে জড়ো হন।

পরে বিকেল ৪টার দিকে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি কানাইঘাট বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে বাজার পয়েন্টে এসে সেখানে বিশাল পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভাটি সঞ্চালনা করেন, জেলা যুবদল নেতা ও কানাইঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আর এ বাবলু। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক সাজ উদ্দিন সাজু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক শফিক আহমদ, যুগ্ম আহবায়ক দেলওয়ার ইসমাইল, সিলেট জেলা যুবদল নেতা জাহাঙ্গীর হোসেন, জেলা যুবদল নেতা সেলিম রনি, জেলা যুবদল নেতা গিয়াস উদ্দিন, জেলা যুবদল নেতা সাইফুর রহমান, কানাইঘাট পৌর যুবদলের আহ্বায়ক মামুন রশিদ মামুন, উপজেলা যুগ্ম আহবায়ক শামীম আহমদ বাদল সহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মারুফ আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে সাজ উদ্দিন সাজু বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি গণতন্ত্র, মানুষের ভোটাধিকার, রাজনৈতিক অধিকার ও জনগণের ন্যায্য দাবি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। যুবসমাজ দেশের অন্যতম চালিকাশক্তি উল্লেখ করে তিনি বলেন, দেশ ও জাতির কল্যাণে যুবকদের ঐক্যবদ্ধভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, যুবদলের প্রতিটি নেতাকর্মীকে দলের আদর্শ ও শৃঙ্খলা মেনে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের পাশে দাঁড়ানো, মানুষের সুখ-দুঃখে অংশ নেওয়া এবং এলাকার উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ভূমিকা রাখার মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। রাজনৈতিক কর্মসূচি পালনের পাশাপাশি সাধারণ মানুষের আস্থা অর্জন করাও নেতাকর্মীদের অন্যতম দায়িত্ব।

সাজ উদ্দিন সাজু বলেন, আগামী দিনেও কানাইঘাট উপজেলা যুবদল সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে কাজ করবে। উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করার পাশাপাশি যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে দলের যেকোনো গণতান্ত্রিক কর্মসূচিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সক্রিয় থাকার আহ্বান জানান।

তিনি প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন সফল করায় উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে যুবদলের সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

সমাবেশে নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং দলীয় কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।