সিলেটের কানাইঘাটে পুলিশের কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ নেতা-কর্মীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা বিএনপির এক নেতাকে সাময়িক বহিষ্কার করেছে সিলেট জেলা বিএনপি
রবিবার (২২ নভেম্বর) উপজেলার ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের মূলাগুল বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কানাইঘাট উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাহিদ রানা ও মো: সাদেক আহমদ নামে এক কর্মীকে গ্রেফতার করে কানাইঘাট থানা পুলিশ। এ সময় স্থানীয় বিএনপির এক নেতার সহযোগিতায় আসামিদের স্বজনরা পুলিশের কাছ থেকে তাঁদের ছিনিয়ে নিয়ে যান বলে অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে হাতকড়াসহ আসামি ছিনিয়ে নেওয়া এবং পরবর্তীতে হাতকড়া ফেরত দেওয়ার বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি করে।
এদিকে, ঘটনার পর এক ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ করেন কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুন রশীদ। তিনি ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না জানিয়ে বলেন, বিএনপির কোনো নেতাকর্মী জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধেও দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এরই মধ্যে এ ঘটনায় কানাইঘাট উপজেলা বিএনপির সদস্য ও লক্ষীপ্রসাদ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আফসর হোসেনকে সাময়িকভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
তবে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ আসামি ছিনিয়ে নেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন কানাইঘাট থানার তদন্ত কর্মকর্তা শহিদুল ইসলাম। তিনি জানান, মূলাগুল বাজারে দুই ছাত্রলীগ নেতাকে গ্রেফতারের সময় স্থানীয় কয়েকজন বাঁধা প্রদান করেন। সেই সুযোগে তাঁরা পালিয়ে যান। কানাইঘাট থানা পুলিশ জানিয়েছে, চিনতাইকৃত আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।