বাংলাদেশকে জড়িয়ে এবার বিরোধীদের বিরুদ্ধে রাজনাথের নতুন অভিযোগ!

বাংলাদেশের আন্দোলনের আদলে ভারতে সরকার পরিবর্তনের চেষ্টা চলছে—এমন অভিযোগ তুলেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তার দাবি, নির্বাচন কমিশন বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে নয়, বরং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে ক্ষমতার পালাবদল ঘটানোই বিরোধীদের লক্ষ্য।

শুক্রবার (১৬ অক্টোবর) লক্ষ্ণৌয়ে এক সংবাদ সম্মেলনে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও বিরোধী দলগুলোর সমালোচনা করে এসব কথা বলেন রাজনাথ। তার অভিযোগ, আন্দোলনের মাধ্যমে তরুণদের ‘অরাজক রাজনীতির ঘুঁটি’ হিসেবে ব্যবহার করা হচ্ছে।

রাজনাথ বলেন, বিরোধীদের বক্তব্য থেকেই বোঝা যায়, তাদের আন্দোলন নির্বাচনী সংস্কারের মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলাদেশের আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে ভারতে সরকার পরিবর্তনের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।

কংগ্রেসের সমালোচনা করে ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন, দলটি ও তাদের মিত্ররা সংবিধানের মূল কাঠামো দুর্বল করতে এবং দেশে অস্থিরতা তৈরি করতে চাইছে। রাহুল গান্ধীকে আক্রমণ করে তিনি আরও বলেন, কংগ্রেস নেতারা ‘গান্ধী’ নাম ব্যবহারের নৈতিক অধিকার হারিয়েছেন।