বাংলাদেশকে হারানোর পর ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা

জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে সেই জয়ের আনন্দের মধ্যেই বড় ধাক্কা খেল প্রোটিয়ারা। ডান পায়ে মাংস পেশির চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে পারবেন না অধিনায়ক টেম্বা বাভুমা।

জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং করার সময় চোটে পড়েন বাভুমা। মাঠেই চিকিৎসা নেওয়ার পর ৪৯ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন তিনি। পরে দক্ষিণ আফ্রিকার অষ্টম উইকেট পতনের পর আবার ব্যাটিংয়ে ফেরেন। কাগিসো রাবাদা ও ডেন প্যাটারসনের সঙ্গে জুটি গড়ে নিজের সংগ্রহে আরও ১৯ রান যোগ করেন তিনি। তবে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করতে নামেননি এই প্রোটিয়া অধিনায়ক।

বাভুমার চোটের কারণে এখন দক্ষিণ আফ্রিকার চার নম্বর পজিশন নিয়েও ভাবতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। স্কোয়াডে থাকা টনি ডি জর্জি খেলতে পারেন বাভুমার জায়গায়। এ ছাড়া দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের হয়ে ভালো করা সিনেথেম্বা কেশিলে ও জর্ডান হারম্যানও রয়েছেন বিবেচনায়। দলে ফিরতে পারেন সম্প্রতি বাদ পড়া ডেভিড বেডিংহামও। আগামীকাল বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজের দল ঘোষণার সময় একজন অতিরিক্ত খেলোয়াড়ের নামও জানাবে দক্ষিণ আফ্রিকা।

নিজের চোট নিয়ে হতাশা প্রকাশ করেছেন বাভুমা। তবে চিকিৎসক দলের তত্ত্বাবধানে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি। তাঁর সুস্থ হয়ে ফেরার নির্দিষ্ট সময় এখনো জানা যায়নি। আগামী ১৭ ডিসেম্বর থেকে ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ শুরু হওয়ার কথা। সেই সিরিজের আগে পুরোপুরি সুস্থ হতে পারবেন কি না, তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ৯ উইকেটের জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। তাতে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকরা। দ্বিতীয় টেস্টে বাভুমাকে না পাওয়া তাই প্রোটিয়াদের জন্য বড় ধাক্কা।