ঢাকায় বসছে ১৮তম এশিয়া ওপেন কারাতে চ্যাম্পিয়নশিপ

২১ নভেম্বর ঢাকায় হতে যাচ্ছে ১৮তম এশিয়া ওপেন কারাতে চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ কিয়োকুশিন কারাতে অ্যাসোসিয়েশনের আয়োজনে এই প্রতিযোগিতায় এশিয়ার বিভিন্ন দেশের ৪৪ জন কারাতেকা অংশ নেবেন। পুরুষ ও নারীদের বিভিন্ন বিভাগে হবে প্রতিযোগিতা।

টুর্নামেন্ট সামনে রেখে আয়োজক কমিটি বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য তুলে জানিয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভাইয়া গ্রুপের ভাইস চেয়ারম্যান ও আয়োজক কমিটির সভাপতি সাখাওয়াত হোসেন মামুন। আরও ছিলেন কমিটির প্রধান পরামর্শক তফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মনির আহমেদ, ফেরদৌসী আব্দুল্লাহ, আরিফুর রহমান ও আহসান হাবিবসহ অন্যরা।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিযোগিতায় সভাপতিত্ব করবেন আন্তর্জাতিক কিয়োকুশিন কারাতে সংস্থা আইকেও’র সভাপতি কানচো শোকেই মাতসুই। সংস্থাটির ১৬৬টি দেশের প্রতিনিধিত্ব করেন তিনি। টুর্নামেন্টে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইকেওর আন্তর্জাতিক পরিচালক শিহান কাতসুহিতো গোরাই।

দেশে আন্তর্জাতিক পর্যায়ের কারাতে প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে বাংলাদেশের এই খেলার প্রসার ও উন্নয়নে নতুন সুযোগ তৈরি হবে বলে আশা আয়োজকদের।মানচিত্র দেখুন

ঢাকার রিয়া গোপ মহিলা কমপ্লেক্সে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এক দিনের এই প্রতিযোগিতা। এতে এশিয়ার বিভিন্ন দেশের কারাতেকাদের লড়াই দেখার সুযোগ পাবেন দর্শকেরা।