বিজয় দেবরাকোন্ডা আগে বিয়ের প্রস্তাব দেবেন, এমন অপেক্ষায় বসে ছিলেন না রাশমিকা মান্দানা। বরং নিজেই টানা এক বছর ধরে বিজয়কে বিয়ের জন্য বোঝানোর চেষ্টা করে গিয়েছিলেন। জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’ এর নবম সিজনের নতুন পর্বে এসে এই তথ্য প্রকাশ করেছেন এই নববিবাহিত তারকা দম্পতি।
উপস্থাপক করণ জোহরের সঙ্গে আলাপচারিতায় তাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা অজানা কথা শেয়ার করেছেন বিজয় ও রাশমিকা।
শোয়ের ট্রেলারে করণ বিজয়কে জিজ্ঞাসা করেন, তিনি রাশমিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন কি না। রাশমিকা মাথা নেড়ে ‘না’ সূচক সংকেত দেন। তবে বিজয় বলেন, ‘সেই প্রথম বলেছিল যে চলো আমরা বিয়ে করে নিই।’ তিনি আরও যোগ করেন, ‘ও আমাকে অন্তত ১০০ বার এই এক কথা বলেছে।’
করণ যখন রাশমিকার কাছে জানতে চান তিনি সত্যিই ১০০ বার প্রস্তাব দিয়েছিলেন কি না, তখন রাশমিকা স্বীকার করে বলেন, ‘আমি এক বছর ধরে ওর পেছনে লেগেছিলাম।’
বিয়ের গল্প ছাড়াও পর্বে অন্যান্য মজার মুহূর্ত ছিল। র্যাপিড-ফায়ার রাউন্ডে আল্লু অর্জুন এবং রণবীর কাপুরের মধ্যে একজনকে বেছে নিতে বলা হলে রাশমিকা আল্লু অর্জুনকে বেছে নেন।
অন্য এক মুহূর্তে করণ বিজয়ের কাছে জানতে চান, রাশমিকা ছাড়া আর কোন অভিনেত্রীর সঙ্গে পর্দায় তার কেমিস্ট্রি সবচেয়ে ভালো মানায়? বিজয়ের উত্তর দেওয়ার আগেই রাশমিকা বলে ওঠেন, ‘কারও সঙ্গেই না।’ জবাবে বিজয় বলেন, ‘সংসার জীবনের প্রথম নিয়ম হলো, স্ত্রীর সব কথায় সায় দেওয়া!’
২০১৮ সালে ‘গীতা গোবিন্দম’ ছবিতে প্রথমবার একসঙ্গে অভিনয় করেন বিজয় ও রাশমিকা। এরপর ২০১৯ সালে ‘ডিয়ার কমরেড’ ছবিতে তাদের রসায়ন জনপ্রিয়তা পায়। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তেলেগু ও কোডাভা ঐতিহ্য মেনে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।