ইউরোপেও যুদ্ধ পৌঁছে দিতে পারে ইরান


ইরান ইঙ্গিত দিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আরেক দফা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে ওয়াশিংটন ও তার মিত্রদের বিরুদ্ধে প্রকাশ্যে হুমকি দিচ্ছে দেশটি। বিশ্লেষকরা মনে করছেন, প্রয়োজনে ইরান যুদ্ধ ইউরোপেও পৌঁছে দিতে পারে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, গত এক মাসে ইরানের সামরিক কমান্ডাররা দাবি করেছেন, ইরান বিপুল পরিমাণ নতুন অস্ত্র মজুত করেছে। যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ আবার শুরু করে, তাহলে এসব অস্ত্র ব্যবহার করে মধ্যপ্রাচ্যের বাইরেও হামলা চালানো হতে পারে।

সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে সমুদ্রের তলদেশের ইন্টারনেট কেবল, কৃত্রিম বুদ্ধিমত্তার তথ্যকেন্দ্র এবং তেল ও গ্যাস স্থাপনা।

গত মাসের শেষ দিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র বলেন, বিশ্ব অবাক হয়ে যাবে। আমাদের হাতে এমন নতুন লক্ষ্যবস্তু রয়েছে, যেগুলোতে এখনো হামলা চালানো হয়নি।

ওয়াশিংটন ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক ফারজিন নাদিমি বলেন, ইরান যদি ইউরোপে হামলা চালায়, তাহলে ইংল্যান্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি কিংবা জার্মানির রামস্টেইন সামরিক সরবরাহকেন্দ্র লক্ষ্যবস্তু হতে পারে।