মালয়েশিয়ার রাজ্যে কনস্যুলার সেবা পেলেন তিন শতাধিক বাংলাদেশি

মালয়েশিয়ার পেনাং রাজ্যে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্ট ও বিভিন্ন কনস্যুলার সেবা দিতে দুই দিনব্যাপী বিশেষ ক্যাম্প পরিচালনা করেছে বাংলাদেশ হাইকমিশন। গত ১৭ ও ১৮ অক্টোবর জর্জ টাউনের এনবিএল রেমিট্যান্স হাউসে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে তিন শতাধিক প্রবাসী বাংলাদেশিকে ই-পাসপোর্টের নিবন্ধন ও পাসপোর্ট বিতরণসংক্রান্ত সেবা দেওয়া হয়েছে।

বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধি দল এ বিশেষ কনস্যুলার ক্যাম্প পরিচালনা করে। ই-পাসপোর্টের সেবার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের ভ্রমণ অনুমতিপত্র, পাসপোর্টের তথ্য সংশোধনসংক্রান্ত পত্র এবং পরিচয় ও সংশ্লিষ্ট তথ্য উপস্থাপনের জন্য প্রয়োজনীয় পরিচিতিমূলক পত্রসহ বিভিন্ন কনস্যুলার সেবা দেওয়া হয়। এ ছাড়া সংশ্লিষ্ট বিষয়ে প্রবাসীদের প্রয়োজনীয় পরামর্শও প্রদান করা হয়।

পেনাংয়ে বসবাসরত বাংলাদেশিদের কাছে কনস্যুলার সেবা সহজে পৌঁছে দেওয়া এবং পাসপোর্টসংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার সুযোগ তৈরি করাই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য।

ক্যাম্প চলাকালে হাইকমিশনের পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় বৈধভাবে অবস্থান ও কাজ করার বিষয়ে সচেতন করা হয়। একই সঙ্গে অনিয়মিত অভিবাসন পরিহার এবং মালয়েশিয়ার প্রচলিত আইন, বিধিবিধান ও স্থানীয় রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল থাকার পরামর্শ দেওয়া হয়।

প্রবাসীদের পাসপোর্ট ও অন্যান্য জরুরি কনস্যুলার সেবা নিশ্চিত করার পাশাপাশি আইন মেনে চলার বিষয়ে সচেতনতা বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।