দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্যসচিব আব্দুর রহিম রিপন স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
চিঠিতে বলা হয়, বিএনপির গঠনতন্ত্র, নীতি ও আদর্শবিরোধী কার্যকলাপে যুক্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগ দলীয় হাইকমান্ডের নজরে এসেছে। এসব কর্মকাণ্ড সাধারণ মানুষের মধ্যেও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এর পরিপ্রেক্ষিতে দলীয় শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে শ্যামলী সূত্রধরকে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, এ নির্দেশ অবিলম্বে কার্যকর হবে। সিদ্ধান্তের অনুলিপি বিএনপির কেন্দ্রীয় কমিটি ও সিলেট বিভাগীয় পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত নেতাদের কাছেও পাঠানো হয়েছে।
এ বিষয়ে শ্যামলী সূত্রধর গণমাধ্যমকে বলেন, দলের আকস্মিক সিদ্ধান্তে তিনি অত্যন্ত মর্মাহত। বর্তমান মানসিক পরিস্থিতির কারণে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত মন্তব্য করা তাঁর পক্ষে কঠিন। দল ও সহকর্মীদের প্রতি তাঁর ভালোবাসা ও শ্রদ্ধা সব সময় থাকবে। সময় ও পরিস্থিতি বিবেচনা করে শিগগিরই সংবাদমাধ্যমের সামনে নিজের অবস্থান তুলে ধরবেন।