সিলেটে ভারত যাওয়ার পথে আ.লীগ নেতা কামাল আহমেদ আটক!

 

এ কে আজাদ, স্টাফ রিপোর্টার।

সিলেটের তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমেদকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে ভারতে যাওয়ার উদ্দেশ্যে তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে উপস্থিত হলে তাকে আটক করা হয়। পরে তাকে জৈন্তাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কামাল আহমেদের বিরুদ্ধে জৈন্তাপুর থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার বিষয়ে যাচাই-বাছাই শেষে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। তবে তিনি চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যাচ্ছিলেন বলে জানা গেছে। এর আগেও অন্তর্বর্তীকালীন সরকারের সময় তিনি কারাভোগ করেছিলেন।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, কামাল আহমেদ বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। যাচাই-বাছাই শেষে তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, ঘটনাস্থলে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের মুঠোফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন কামাল আহমেদের স্ত্রী এমন অভিযোগও উঠেছে। এ ঘটনায় সংবাদ সংগ্রহের পরিবেশ ও সাংবাদিকের পেশাগত কাজে বাধা দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।