লাক্কাতুড়া চা বাগান থেকে যে কারণে ৩ জনকে ধরলো পুলিশ

সিলেট নগরীর লাক্কাতুড়া চা বাগান এলাকা থেকে ৫৮ বোতল ভারতীয় মদসহ তিনজনকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় চা বাগানের স্বপ্নকলি এলাকার একটি বাড়ির পাশের সড়ক থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন লাক্কাতুড়া চা বাগানের স্বপ্নকলি উপরপাড়া এলাকার বিমল গোয়ালার ছেলে দেবাশীষ গোয়ালা (২৬), শুকরা লোহার ছেলে আগুন লোহার (২৩) ও স্বপন লোহার ছেলে সন্তোষ লোহার (২৬)।

পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে আম্বরখানা পুলিশ ফাঁড়ির একটি দল এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুড়া চা বাগানের স্বপ্নকলি এলাকায় অভিযান চালায়। এ সময় একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ১২ বোতল রয়্যাল স্ট্যাগ এবং ৪৬ বোতল আইকোনিক হোয়াইট ফাইনেস্ট ইন্টারন্যাশনাল গ্রেইন হুইস্কি উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের মোট পরিমাণ ৫৮ বোতল।

এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটক তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।