সিলেটে ছাত্রলীগের দুই কর্মী গ্রেফতার

সিলেট নগরীর শাহপরাণ থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) রাত ১টা ৩০ মিনিটের দিকে শাহপরাণ থানাধীন বহর আবাসিক এলাকার বিআইডিসি পয়েন্ট থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—ইয়ামিন আহম্মেদ (২৪) ও রিফাত আহম্মেদ (২০)। তারা উভয়ই শাহপরাণ থানার বাসিন্দা।

পুলিশ জানায়, গত ১৮ নভেম্বর রাত ৯টা ২০ মিনিটের দিকে সুরমা বাইপাস রোডের হৈরখাল ব্রিজ এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৬০ থেকে ৭০ জন নেতাকর্মী দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও ইটের টুকরো নিয়ে সরকারবিরোধী স্লোগান দিয়ে সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও নাশকতা চালায়। এ ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে।

পরে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।