সিলেটে ১৩ লাখ টাকার ভারতীয় পণ্যসহ কাভার্ড ভ্যান আটক, গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার:

সিলেটের দক্ষিণ সুরমায় অভিযান চালিয়ে ১৩ লাখ ৫২ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের বিস্কুট ও খাদ্যসামগ্রী উদ্ধার করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ। এ সময় পণ্য পরিবহনে ব্যবহৃত একটি মিনি কাভার্ড ভ্যানসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) সকাল আনুমানিক ৮টা ২৫ মিনিটে দক্ষিণ সুরমা থানাধীন তেলীবাজার পয়েন্ট সংলগ্ন মা রেস্টুরেন্টের সামনে পাকা সড়কে চেকপোস্ট পরিচালনা করেন এসআই অমিত সাহা ও সঙ্গীয় পুলিশ সদস্যরা।

এ সময় ঢাকা মেট্রো-ন-২২-১২৩০ নম্বরের একটি মিনি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৩২২ কার্টন বিস্কুট ও খাদ্যসামগ্রী উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে ডার্ক ফ্যান্টাসি চোকো ফিলস বিস্কুট, রয়্যাল বোরবন চকলেটি ইনডালজেন্স, ওরিও স্যান্ডউইচ বিস্কুট এবং সোন পাপড়ি। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৫২ হাজার ৪০০ টাকা।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন—সিলেটের জালালাবাদ থানার ইনাতাবাদ এলাকার ইমন আহমদ (২৬) এবং পাবনা জেলার চাটমোহর থানার জক্তলা নতুনপাড়া এলাকার মো. মুন্নাফ হোসেন (২৪)।

পুলিশ জানায়, এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় মামলা করা হয়েছে। মামলা নম্বর ১০, তারিখ ৯ নভেম্বর ২০২৬।

গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।