‘হয়তো আর জীবিত ফিরতে পারব না’, জেল থেকে ইমরান খান

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান নিজের ও স্ত্রী বুশরা বিবির শারীরিক অবস্থার অবনতির কথা উল্লেখ করে জরুরি চিকিৎসার আবেদন জানিয়েছেন। কারাগারে তাঁর ওপর চলমান নির্যাতন, দীর্ঘ সময় নির্জন কারাবাস এবং প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ার অভিযোগ তুলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, এভাবে চলতে থাকলে হয়তো আর জীবিত কারাগার থেকে ফিরতে পারবেন না। সরকারি আদেশ দেখুন

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, নিজ আইনজীবী সালমান সাফদারের প্রকাশ করা এক চিঠিতে ইমরান খান লিখেছেন, ‘৭৪ বছর বয়সে এই নিরবচ্ছিন্ন নির্যাতন আমাকে এমন এক পরিণতির দিকে ঠেলে দিচ্ছে, যেখান থেকে হয়তো আর জীবিত ফিরে আসতে পারব না।’

তবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কর্তৃপক্ষের দাবি, কারাগারে নিয়মিত চিকিৎসাসেবা পাচ্ছেন ইমরান খান। প্রতি সপ্তাহে চিকিৎসকেরা তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন এবং তাঁদের মূল্যায়নে তাঁর শারীরিক অবস্থা ‘সন্তোষজনক’।

ইমরান খানের বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে। ২০২৩ সালের আগস্ট থেকে তিনি কারাগারে বন্দি। তাঁর স্ত্রী বুশরা বিবিও গত বছর কারাবন্দি হন। দুর্নীতি থেকে শুরু করে রাষ্ট্রীয় উপহার বিক্রির অভিযোগে দায়ের করা এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন ইমরান খান। গত এক বছরে ইমরানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ ক্রমেই বেড়েছে। তাঁর পরিবারের অভিযোগ, কারা কর্তৃপক্ষ যথাসময়ে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় ডান চোখের দৃষ্টিশক্তির প্রায় পুরোটাই হারিয়েছেন তিনি।রাজনৈতিক খবর পড়ুন

চিঠিতে ইমরান খান জানান, চিকিৎসকেরা তাঁকে বলেছেন, তিনি মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার উচ্চ ঝুঁকিতে রয়েছেন। তাঁর হৃদ্যন্ত্র ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও চিকিৎসকেরা জানিয়েছেন বলে দাবি করেন তিনি। স্ত্রী বুশরা বিবির স্বাস্থ্য নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইমরান। তাঁর দাবি, গত এপ্রিল মাসে বুশরা বিবির রেটিনা বিচ্ছিন্ন হয়ে যায় এবং গোপনে তাঁর অস্ত্রোপচার করা হয়। আরও অস্ত্রোপচার না করা হলে বুশরা দৃষ্টিশক্তি হারাতে পারেন বলে আশঙ্কা করছেন তিনি।

নিজের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর প্রসঙ্গে ইমরান খান বলেন, ‘অসংখ্য মামলায় অসম্ভব সব আইনি লড়াই আমি চালিয়ে গেছি, কখনো থামিনি। কিন্তু এই ব্যবস্থা আমাকে ন্যায়বিচার দেওয়া বন্ধ করে দিয়েছে।’ কারাগারে বন্দিজীবনের পরিস্থিতি তুলে ধরে ইমরান দাবি করেন, তাঁকে প্রতিদিন ২২ ঘণ্টা পর্যন্ত নির্জন কারাবাসে রাখা হচ্ছে। এ সময় পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হয় না। এমনকি বই পড়া কিংবা টেলিভিশন দেখার সুযোগ থেকেও তাঁকে বঞ্চিত করা হচ্ছে। এসব পরিস্থিতি তাঁর মানসিক স্বাস্থ্যের ওপর গভীর প্রভাব ফেলেছে বলে চিঠিতে উল্লেখ করেন তিনি।

এ ছাড়া গত এক বছরে মাত্র চারবার আইনজীবীদের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছেন বলেও দাবি করেন ইমরান খান। চিঠিতে তিনি লিখেছেন, ‘বেঁচে থাকলেই কেবল নিজকে নির্দোষ প্রমাণের সক্ষমতা ধরে রাখতে পারব।’

পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ইমরান খান ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের মে মাসে তাঁর গ্রেপ্তারকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষোভ সহিংস রূপ নেয়।সরকারি আদেশ দেখুন

কারাগারে বন্দি থাকলেও পাকিস্তানের রাজনীতিতে ইমরান খানের প্রভাব এখনো অটুট। গত অক্টোবরের শুরুতে তাঁর হাজার হাজার সমর্থক কয়েক দিনব্যাপী পদযাত্রা নিয়ে রাজপথে নামেন। তাঁদের প্রধান দাবি ছিল ইমরান খানের মুক্তি। পরে কর্তৃপক্ষ বিক্ষোভ দমনে কঠোর অভিযান চালানোর নির্দেশ দেয় এবং ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত খাইবার পাখতুনখাওয়ায় ইমরান খানের দল পিটিআই–এর সরকার ভেঙে দিয়ে জরুরি অবস্থা জারি করে।

এদিকে, গত কয়েক মাসে আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের সাবেক অধিনায়কসহ বিভিন্ন দেশের সাবেক অধিনায়কেরা ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার দাবিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কাছে একাধিকবার আবেদন জানিয়েছেন। তাঁদের আবেদনে ইমরান খানকে প্রয়োজনীয় ও যথাযথ চিকিৎসাসেবা দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।সরকারি আদেশ দেখুন