আবারও বাগ্‌যুদ্ধে অপু বিশ্বাস ও পরীমনি

চিত্রনায়িকা অপু বিশ্বাস ও বুবলীর মধ্যে বাগ্‌যুদ্ধ একসময় নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। সাম্প্রতিক সময়ে বাগ্‌যুদ্ধে জড়িয়েছেন অপু বিশ্বাস ও পরীমনি। একে অপরের নাম সরাসরি উচ্চারণ না করলেও তাঁদের তির্যক মন্তব্য ও পাল্টাপাল্টি কাদা ছোড়াছুড়িতে এখন আলোচনার কেন্দ্রে অপু ও পরী।

কয়েক দিন আগে এক ভিডিওতে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও ইনফ্লুয়েন্সারের মধ্যে পার্থক্য নিয়ে কথা বলেন অপু বিশ্বাস। বিভিন্ন অনুষ্ঠানে ইনফ্লুয়েন্সারদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে আপত্তি জানান তিনি। অপুর সেই ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করে কটাক্ষ করেন পরীমনি। অপু বিশ্বাসকে ‘পরগাছা’ ও ‘ব্যাঙাচি’ বলেও বিদ্রুপ করেন পরী। পরীর এমন পোস্ট নিয়ে গত রোববার এক অনুষ্ঠানে অপুকে প্রশ্ন করা হলে তিনি জানান, তাঁকে নিয়ে কথা বলার আগে তাঁর লেভেলে আগে আসতে হবে।

অপু বিশ্বাস বলেন, ‘যারা আমাকে নিয়ে পোস্ট দেয়, তারা আমাকে বেচতে চায়। যার ২৫টি সিনেমার মাঝে ২০টি সিনেমাই ফ্লপ, ৫টি সিনেমা আন্ডার প্রোডাকশন; সেই মানুষ আমার লেভেলে আসার পর যেন আমাকে নিয়ে পোস্ট করে, শুধু এটাই বলব।’

অপুর এমন মন্তব্যের পর উত্তর দিতে বেশি সময় নেননি পরীমনি। অপুর সেই ভিডিও শেয়ার করে অভিনেত্রীকে কটাক্ষ করেন পরীমনি। অপুকে উদ্দেশ্য করে পরী লেখেন, ‘চলো বেইচা দেই তোমারে কাওরান বাজারে। কতো চামু বলো? শোন, মেনোপজ একটা স্বাভাবিক প্রক্রিয়া। মানিয়ে নিতে শিখো। এমন পাগল পাগল কইরো না সোনা।’

একসময় চিত্রনায়িকা অপু বিশ্বাস ও পরীমনির মধ্যে ভালো সম্পর্ক ছিল। বিভিন্ন সময় নানা অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখা গেছে। পরীমনির সন্তানের জন্মদিনের অনুষ্ঠানেও পাওয়া গেছে অপুকে। দুজন দুজনের বাসায়ও যাতায়াত করেছেন নানা উপলক্ষে। এখন তাঁদের সম্পর্ক রূপ নিয়েছে তিক্ততায়। শুরুটা হয়েছিল গত বছর। সে সময় বিএনপির একটি অনুষ্ঠানে হাজির হওয়াকে কেন্দ্র করে অপু বিশ্বাসকে সুবিধাবাদী বলে খোঁচা দিয়েছিলেন পরীমনি। এর পর থেকে থেমে থেমে চলছে তাঁদের বাগ্‌যুদ্ধ।