অক্টোবরে সিলেট মেট্রোপলিটন পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬৫১ জন

স্টাফ রিপোর্টার:

অক্টোবর ২০২৬ মাসে বিভিন্ন অপরাধ দমন, মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। নগরীর ছয়টি থানা এলাকায় পরিচালিত নিয়মিত অভিযান ও ম্যাজিস্ট্রেটের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় মোট ৬৫১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

এসএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ১৯৫ জন, ওয়ারেন্ট তামিলের মাধ্যমে ১১৮ জন এবং প্রসিকিউশন দাখিলের মাধ্যমে ২৭১ জনসহ সর্বমোট ৬৫১ জনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

অভিযানকালে ৫৮২ পিস ইয়াবা, ৭ কেজি ৬০০ গ্রাম গাঁজা, ৯০৮ বোতল ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২৯৪ বোতল বিদেশি মদ, ৪০ বোতল কোডেন ফসফেট সিরাপ এবং ২৫ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।

চোরাচালান পণ্য উদ্ধার, মূল্য ৮২ লাখ টাকার বেশি

এ ছাড়া চোরাচালানবিরোধী অভিযানে ৩৫ হাজার ৮২২ কেজি টমেটো, ৩০৩ পিস কম্বল, ২৯ পিস শাড়ি, ৬৪০ প্যাকেট ওয়েফার, ৪৭৪টি এনার্জি ড্রিংকস, ১৯০টি হরলিক্সের বয়াম, ৩০০ প্যাকেট লবণ, ২ বস্তা সাইট্রিক অ্যাসিড, ২ কার্টন ফেসওয়াশ, ৩০ কার্টন সিরাম, ১০ কার্টন ফেসক্রিম, ১৫০ বোতল তেল, ৪০ বক্স চকলেট, ৩০ প্যাকেট কিসমিস, ৪০ পিস সাবান, ৮০ পিস রাইস ফেসওয়াশ, ৩০০ কেজি জিরা, ২ হাজার ৬৪০ পিস জুস, ৬২০ প্যাকেট ফুচকা এবং ৫ হাজার ৮৫০টি মেন্টস রোল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত এসব চোরাচালান পণ্যের আনুমানিক বাজারমূল্য ৮২ লাখ ১৮ হাজার ৩৫৭ টাকা।

সিলেট মহানগরীতে অপরাধ দমন, মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ এবং সার্বিক জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।