
স্টাফ রিপোর্টার:
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ও খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৩টা ১৫ মিনিটে সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ লাইন্স মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম।
উদ্বোধনী খেলায় এসএমপির চারটি দল অংশগ্রহণ করে। দলগুলো হলো—সদর বিভাগ, ট্রাফিক-সিটিএসবি-ডিবি ও প্রসিকিউশনের সমন্বয়ে গঠিত যৌথ দল, ক্রাইম বিভাগ (উত্তর/দক্ষিণ) এবং পিওএম বিভাগ। এ সময় পুলিশ কমিশনার জনাব সারোয়ার মুর্শেদ শামীম সদর বিভাগের খেলোয়াড় হিসেবে নিজেও খেলায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) এবং ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব মোহাম্মদ এনামুল হক; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব সুদীপ্ত রায়; উপ-পুলিশ কমিশনার (উত্তর, অতিরিক্ত দায়িত্বে ডিসি-প্রসিকিউশন) জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম; উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) জনাব মো. আফজাল হোসেন; অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি, অতিরিক্ত দায়িত্বে ডিসি-ডিবি) জনাব সাহাদত হোসেনসহ এসএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।
উল্লেখ্য, এ ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামীকাল রোববার (২৫ অক্টোবর ২০২৬) বিকেলে এসএমপি পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলায় ক্রাইম বিভাগ (উত্তর/দক্ষিণ) দল এবং ট্রাফিক, সিটিএসবি, প্রসিকিউশন ও ডিবির সমন্বয়ে গঠিত যৌথ দল পরস্পরের মুখোমুখি হবে।