জাতীয়

কক্সবাজারে সেনাবাহিনীর বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করলেন সেনাপ্রধান

কক্সবাজারে সেনাবাহিনীর বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করলেন সেনাপ্রধান

স্টাফ রিপোর্টার:

কক্সবাজারের নিদানিয়া এয়ার ডিফেন্স ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

মঙ্গলবার (২০ অক্টোবর) অনুষ্ঠিত এ পরিদর্শনে সেনাপ্রধান এয়ার ডিফেন্স সক্ষমতা আরও সুসংহত করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি পেশাগত দক্ষতার ধারাবাহিক উন্নয়ন এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সামরিক প্রস্তুতি নিশ্চিত করার নির্দেশনা দেন।

পরিদর্শনকালে সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দ্য অর্ডন্যান্স, ১০ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও কক্সবাজার এরিয়ার এরিয়া কমান্ডার, সেনাসদর এবং সংশ্লিষ্ট এলাকার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

দেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা জোরদার এবং সামরিক প্রস্তুতি আরও কার্যকর করার লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণ ও অনুশীলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।