কঠোর নিরাপত্তায় গোপালগঞ্জ পার হলো ১১ দলের লংমার্চের বহর

আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে গোপালগঞ্জ পার হয়েছে ১১ দলের খুলনা-কুষ্টিয়া অভিমুখী লংমার্চের বহর।

শনিবার দুপুর ১২টা থেকে সাড়ে ১২টায় লংমার্চের বহর গোপালগঞ্জ অতিক্রম করে।

লংমার্চ ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তাব্যবস্থা লক্ষ্য করা গেছে। পুলিশের নিয়মিত ফোর্স, ডিটেকটিভ ব্রাঞ্চের পাশাপাশি বিপুলসংখ্যক আর্মড পুলিশ মোতায়েন করা হয় গোপালগঞ্জজুড়ে। গুরুত্বপূর্ণ মোড়, সংযোগ সড়কের মুখ, জনশূন্যস্থান—অধিকাংশ স্থানেই আইনশৃঙ্খলাবাহিনীর সতর্ক অবস্থানও লক্ষ্য করা গেছে।

এর আগে শনিবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চের উদ্বোধনী করেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

উদ্বোধনী সমাবেশ শেষে সাড়ে আটটার দিকে লংমার্চ শুরু করেন ১১ দলের নেতা কর্মীরা। পথে শরীয়তপুরের জাজিরার নাওডোবা; বাগেরহাটের ফকিরহাটের কাঁটাখালীর মোড়; খুলনা মহানগরীর বাবরী চত্বর ও ফুলতলার বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বর; যশোরের মুড়লীর মোড়; ঝিনাইদহের বাস টার্মিনালে পথসভা করা হবে। সবশেষে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে।