পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের ষষ্ঠ চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। শনিবার ( ১৪ নভেম্বর ) সকাল ৬টা ৫ মিনিটের দিকে সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তায় ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি ঈশ্বরদীর পাকশীতে অবস্থিত রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছায়।
ঢাকা থেকে সড়কপথে যমুনা সেতু পার হয়ে বনপাড়া, রাজাপুর ও ঈশ্বরদীর দাশুড়িয়া ট্রাফিক মোড় হয়ে চালানটি রূপপুরে নেওয়া হয়। এ সময় মহাসড়কের কয়েকটি স্থানে সাময়িকভাবে যান চলাচল সীমিত করা হয়।
মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ নিয়ে রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ইউরেনিয়ামের একটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য পাঁচটি—মোট ছয়টি চালান প্রকল্প এলাকায় পৌঁছাল।
এর আগে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রসাটম জানিয়েছিল, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরও দুটি কার্গোতে ৪৮টি অ্যাসেম্বলি বাংলাদেশে আনার পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে নয়টি চালানে এসব পারমাণবিক জ্বালানি আনার কথা রয়েছে।বাংলাদেশ সংবাদ
রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে। এর মধ্যে প্রথম ইউনিটে বর্তমানে ‘পাওয়ার স্টার্টআপ স্টেজ-সি’ কার্যক্রম চলছে।
এর আগে গত ২৯ অক্টোবর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) চেয়ারম্যান প্রথম ইউনিটে স্টেজ-সি কার্যক্রম শুরুর অনুমোদন দেন।মানচিত্র দেখুন
স্টেজ-সি পর্যায়ে ধাপে ধাপে রিঅ্যাক্টরের ক্ষমতা বাড়িয়ে কেন্দ্রের বিভিন্ন যন্ত্রপাতি, টারবাইন-জেনারেটর, পরিচালন ও নিরাপত্তাব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হবে। এসব পরীক্ষা সফলভাবে সম্পন্ন হলে প্রথম ইউনিটের জেনারেটর জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিডের সঙ্গে যুক্ত করা হবে। এ প্রক্রিয়াকে বলা হয় ‘সিনক্রোনাইজেশন’।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে নভেম্বর মাসে প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার লক্ষ্য রয়েছে। তবে এ কার্যক্রম নিয়ন্ত্রক সংস্থার শর্ত ও প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে সম্পন্ন হবে।