. কানাইঘাটে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা

কানাইঘাট প্রতিনিধি :: সিলেটে আবারও গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ নভেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে কানাইঘাট উপজেলা রোডে অবস্থিত গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

দুর্বৃত্তরা ব্যাংকের কানাইঘাট শাখার সাইনবোর্ড ও কার্যালয়ের প্রবেশগেটে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে। তবে নৈশপ্রহরী ও স্থানীয় লোকজনের তৎপরতায় বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পায় ব্যাংক কার্যালয়। এ ঘটনায় কেউ হতাহত হননি। কার্যালয়েরও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে দুর্বৃত্তরা গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের সামনে থাকা সাইনবোর্ডে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। একই সঙ্গে দ্বিতীয় তলায় অবস্থিত ব্যাংকের কার্যালয়ের প্রবেশগেটেও পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা চালায় তারা।

এ সময় উপজেলা রোডের দায়িত্বে থাকা এক নৈশপ্রহরী বিষয়টি দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় সাইনবোর্ডে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হযরত আলী বলেন, দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে গ্রামীণ ব্যাংকের বাইরের সাইনবোর্ডে অগ্নিসংযোগের চেষ্টা করেছিল। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, এর আগে সিলেট মহানগরীর উপশহর এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের জোনাল অফিস ও মোগলাবাজার শাখায়ও অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছিল।