মৌলভীবাজার

কুলাউড়ায় শতাধিক শিক্ষার্থীদের মাঝে মাধ্যমিক শিক্ষক সমিতির মেধাবৃত্তি প্রদান

কুলাউড়ায় শতাধিক শিক্ষার্থীদের মাঝে মাধ্যমিক শিক্ষক সমিতির মেধাবৃত্তি প্রদান
কুলাউড়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে এ বৃত্তি প্রদান করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি, আলী আমজদ উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল কাদিরের সভাপতিত্বে ও সম্পাদক, কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান।
বক্তব্যে তিনি শিক্ষক সমিতির ব্যতিক্রমী এ উদ্যোগের প্রশংসা করে ধারাবাহিকতা বজায় রাখার ও এ ধরনের মহতী কাজে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি আরও বলেন, সমিতির বর্তমান নেতৃত্ব একদিকে শিক্ষকদের স্বার্থ সংরক্ষণে ও অপরদিকে শিক্ষার্থীদের মেধার বিকাশে প্রশংসনীয় ভূমিকা পালন করছেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। শিক্ষাজীবনের মাধ্যমিক পর্যায় খুবই গুরুত্বপূর্ণ। এ সময় শিক্ষার্থীদের সঠিকভাবে গড়ে তোলতে পারলে শিক্ষার্থীরা পরবর্তী সময়ে সে সব শিক্ষকদের কথা স্মরণ করবে।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম রেনু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আনোয়ার, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, সাবেক পৌর কাউন্সিলর ইকবাল আহমদ শামীম, যুক্তরাষ্ট্রস্থ কুলাউড়া বাংলাদেশি অ্যাসোসিয়েনের সম্পাদক জাবেদ আহমদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রাবেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুছ ছালাম প্রমুখ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সমিতির সহসভাপতি অধ্যক্ষ আবুল মনসুর, প্রধান শিক্ষক ফজল উদ্দিন আহমদ, প্রধান শিক্ষক আব্দুল মুক্তাদির চৌধুরী, প্রধান শিক্ষক সাহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক সিনিয়র শিক্ষক আতিকুর রহমান ও মোহাম্মদ শাহিন আহমদ, প্রচার ও প্রকাশনা এসএম মোজাহিদুল ইসলাম।
পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা ৫ম ও ৮ম শ্রেণির মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ১০১ জন শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি ও সনদপত্র বিতরণ করেন।