চার মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক পতনের পথে স্বর্ণ

 

বিশ্ববাজারে জ্বালানি তেলের উচ্চমূল্য এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদের হার নিয়ে উদ্বেগের কারণে স্বর্ণের দাম কমছে। শুক্রবারও (২৩ অক্টোবর) দরপতনের ধারায় থাকা মূল্যবান ধাতুটি গত চার মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক পতনের পথে রয়েছে। আগামী সপ্তাহে ফেডের নীতিনির্ধারণী বৈঠকের দিকে তাকিয়ে আছেন বিনিয়োগকারীরা।

শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০.৩ শতাংশ কমে ৪ হাজার ১৩.৩৪ ডলারে দাঁড়ায়। দিনের লেনদেনে এক পর্যায়ে দাম গত ২০ জুলাইয়ের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়। চলতি সপ্তাহে এখন পর্যন্ত দাম কমেছে ৩.৬ শতাংশ, যা জুনের পর সবচেয়ে বড় সাপ্তাহিক পতন। অন্যদিকে ফিউচার বাজারে ডিসেম্বরে সরবরাহের চুক্তির দাম ০.৮ শতাংশ কমে ৪ হাজার ২৮ ডলারে নেমেছে।

বাজার বিশ্লেষকদের মতে, বিনিয়োগকারীরা স্বর্ণের দাম ৪ হাজার ডলারের গুরুত্বপূর্ণ স্তরের ওপরে ধরে রাখার চেষ্টা করছেন। এই স্তরের নিচে নামলে বাজারে সুদের হার কমার প্রত্যাশার পরিবর্তে দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি, উচ্চ বন্ড ইল্ড এবং শক্তিশালী ডলারের প্রভাব প্রাধান্য পাবে।

এদিকে সৌদি আরবে হুথিদের হামলার পর তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় তেলের দাম বেড়েছে। জ্বালানি তেলের উচ্চমূল্য মূল্যস্ফীতির চাপ বাড়াতে পারে। এতে ফেড দীর্ঘ সময় সুদের হার বেশি রাখবে এমন প্রত্যাশা জোরালো হচ্ছে, যা স্বর্ণের জন্য নেতিবাচক।

বিনিয়োগকারীদের নজর এখন ২৭ ও ২৮ অক্টোবর ফেডের বৈঠক এবং ব্যক্তিগত ভোগব্যয় (পিসিই) মূল্যসূচকের দিকে। অন্যান্য ধাতুর মধ্যে শুক্রবার রুপার দাম ১.২% কমে ৫৩.৮৫ ডলার, প্লাটিনাম ০.৭% কমে ১৫৫৯.৭৬ ডলারে নেমেছে।