জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, প্রয়োজন অনুদান: প্রধানমন্ত্রী

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন কার্যক্রমে বরাদ্দ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আরও বলেন, ‘জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর অনুদান প্রয়োজন, আরও ঋণ নয়, যা তাদের ঋণ বাড়িয়ে দেয়।’

এসব দেশের জন্য নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং অভিযোজন কার্যক্রমে জোরালো সমর্থন নিশ্চিতের আহ্বানও জানান তারেক রহমান।

স্থানীয় সময় আজ বৃহস্পতিবার তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী ভাষণে আরও জানান, জলবায়ু পরিবর্তনের সম্মুখসারিতে রয়েছে বাংলাদেশ। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। এই চ্যালেঞ্জের মধ্যেও বাংলাদেশ সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে অনুপ্রাণিত হয়ে সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষাকে পরস্পরের পরিপূরক হিসেবে এগিয়ে নিতে চায় বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শিল্পায়ন ও উন্নয়ন কার্যক্রমে প্রকৃতিকে রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হবে।

তারেক রহমান আরও বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত সরকার ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে মেটানোর লক্ষ্য নির্ধারণ করেছে। প্যারিস চুক্তির সাথে সামঞ্জস্য রেখে “নেট জিরো” নির্গমন অর্জনের লক্ষ্যে আমরা এই পদক্ষেপ নিয়েছি। বিশেষ কর প্রণোদনার সহায়তায় আমরা চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাজ করছি। পাশাপাশি, বর্জ্য থেকে জ্বালানি তৈরির উদ্যোগকেও আমরা উৎসাহিত করছি।’

সবুজ শিল্পায়নের অংশ হিসেবে দেশে প্রায় ৩০০টি লিড সনদপ্রাপ্ত তৈরি পোশাক কারখানা রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা, বিশেষ করে বৈদ্যুতিক যানবাহনের প্রসার এবং পাটের ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বাড়ানোর উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।

এ ছাড়া কার্বন বাণিজ্যের জন্য একটি জাতীয় কাঠামো তৈরির কাজ চলছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

পরিবেশ সংরক্ষণে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথা জানান তারেক রহমান। তিনি বলেন, ‘পরিবেশ রক্ষার জন্য, আমরা পদ্মা ব্যারেজ ও তিস্তা ব্যারেজ মাস্টার প্ল্যানের পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন করছি। যার উদ্দেশ্য হলো জল ধরে রাখা, বন্যার ঝুঁকি কমানো, জলাভূমি পুনরুজ্জীবিত করা এবং ভূগর্ভস্থ জলের স্তর বৃদ্ধি করা। এ ছাড়াও আমরা উপকূলীয় পুনরুদ্ধারকৃত জমিতে ম্যানগ্রোভ পুনরুদ্ধার করছি, যাতে জনগোষ্ঠীকে রক্ষা করা যায় এবং জলবায়ু সহনশীলতা জোরদার করা যায়।’

জলবায়ু অর্থায়নে বাংলাদেশের পাঁচ প্রস্তাব
জলবায়ু অর্থায়নব্যবস্থাকে অপর্যাপ্ত উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান ব্যবস্থা উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন ও অগ্রাধিকার যথাযথভাবে বিবেচনায় নেয় না। জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি দেশের অর্থনীতির ওপর বড় বোঝা তৈরি করছে। এর সঙ্গে ঋণ পরিশোধের ক্রমবর্ধমান চাপ ও সীমিত আর্থিক সম্পদ পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে।

‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা’ নীতির আলোকে পাঁচটি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তাঁর প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে—

প্রথমত, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের অগ্রাধিকারের ভিত্তিতে অভিযোজনের জন্য বরাদ্দ করা উচিত, সে সঙ্গে নির্গমন হ্রাসের প্রচেষ্টাকেও সহায়তা করতে হবে।

দ্বিতীয়ত, জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ডেট ক্লজ’ (জলবায়ু সহনশীল ঋণ ধারা) এবং ‘ডেট ফর ক্লাইমেট সোয়াপ’সহ (জলবায়ু সুরক্ষার বিনিময়ে ঋণ মওকুফ) জরুরি ঋণ-ত্রাণ সুবিধা চালু করা।

তৃতীয়ত, পরিবেশবান্ধব জলবায়ু প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করা এবং উন্নয়নশীল দেশগুলোতে এসব প্রযুক্তি হস্তান্তরে প্রয়োজনীয় সহায়তা করা।

চতুর্থত, সাশ্রয়ী অর্থায়ন, দক্ষতা উন্নয়ন এবং একটি ন্যায্য জ্বালানি রূপান্তরের মাধ্যমে নবায়নযোগ্য শক্তিতে রূপান্তর ত্বরান্বিত করা।

পঞ্চমত, কপ ৩১-এ একটি ন্যায্য জ্বালানি রূপান্তরের জন্য ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণ করা, যার মূল ভিত্তি হবে ন্যায্য অর্থায়ন ও ন্যায্য বাণিজ্য।

জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। একই সঙ্গে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য অর্জনে বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে হবে।

ভাষণের শেষে প্রধানমন্ত্রী কপ-৩১ সম্মেলন থেকে অর্থবহ, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী ফলাফল আসার প্রত্যাশা ব্যক্ত করেন। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ বিবেচনায় নেওয়ার আহ্বান জানান তিনি।

প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা বৈশ্বিক সংহতি জোরদার করি এবং একসঙ্গে একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলি।’