সিলেট প্রতিনিধি:
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) এবং ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ এনামুল হকের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তাঁকে বিদায় সংবর্ধনা প্রদান করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম।
মোহাম্মদ এনামুল হক সিলেট মেট্রোপলিটন পুলিশ থেকে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে বদলি হয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা এসএমপিতে দায়িত্ব পালনকালে মোহাম্মদ এনামুল হকের দক্ষতা, দায়িত্বশীলতা, নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, দায়িত্ব পালনে তাঁর আন্তরিকতা, সহকর্মীদের প্রতি সহযোগিতাপূর্ণ মনোভাব এবং সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান সিলেট মেট্রোপলিটন পুলিশের জন্য প্রশংসনীয়।
বক্তারা তাঁর কর্মময় জীবনের বিভিন্ন স্মৃতি স্মরণ করে নতুন কর্মস্থলে আরও সাফল্য, সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায়, উপ-পুলিশ কমিশনার (উত্তর ও অতিরিক্ত দায়িত্বে ডিসি-প্রসিকিউশন) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি ও অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) মো. আফজাল হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি ও অতিরিক্ত দায়িত্বে ডিসি-ডিবি) সাহাদত হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ ও অতিরিক্ত দায়িত্বে ডিসি-দক্ষিণ) অলক বিশ্বাসসহ সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা।
অনুষ্ঠানে সহকর্মীরা মোহাম্মদ এনামুল হকের নতুন কর্মস্থলে সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।