ডায়াল সিলেট ডেস্ক:
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সঙ্গে জামায়াতে ইসলামীর আঁতাতের অভিযোগ এনেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। দলটির বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের অভিযোগ এনে তিনি বলেছেন, ‘আওয়ামী লীগের কাছ থেকে একটা সিল তাদের দরকার। একাত্তরে যে ভূমিকা তাদের, সেই ভূমিকা নিয়ে এখনো জনমনে প্রশ্ন আছে। এ জন্য আওয়ামী লীগের কাছ থেকে একটা সিল চায় তার—বৈধ সিল। এ কারণে তলে তলে এবং প্রকাশ্যে, প্রত্যেকটি বিষয়ে তাদের একটা সম্পর্ক।’
আজ শনিবার রাজধানীর ফকিরাপুলে ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে রিজভী এসব কথা বলেন। তিনি বলেন, ‘তলে তলে আওয়ামী লীগের কাছে একটা সিল তাদের দরকার। অপপ্রচার চালাচ্ছেন। কিন্তু আমাদের যে কাজ… মানুষের পক্ষে থাকা, মানুষের কল্যাণে থাকা, সেই কাজ করছি তারেক রহমানের নির্দেশে।’
জামায়াতকে উদ্দেশ করে রিজভী বলেন, ‘কেউ কেউ বলছেন বিরোধী দলের নেতারা যে, উনারা বিরিয়ানি খায়, আমাদের চকলেট দেয়। তো… চকলেটের দাম কিন্তু অনেক।’
তিনি বলেন, ‘এসব কথা বলে আপনারা জনগণকে বিভ্রান্ত করবেন না। সরকার দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে বলেই দেশ-বিদেশে তার সুনাম হচ্ছে। কেন আপনারা বিভ্রান্তি রটাচ্ছেন? একজন সরকারি দলের এমপি যে বরাদ্দ পান, বিরোধী দলের এমপিও সেই বরাদ্দ পান। কিন্তু জামায়াতের সেক্রেটারি জেনারেল অপপ্রচার দিয়ে মানুষের মনে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছেন।’
রিজভী আরও বলেন, ‘মিথ্যাচার করে সত্যকে আড়াল করতে পারবেন না। মিথ্যাচার করে, অপপ্রচার দিয়ে এবং তলে তলে অগণতান্ত্রিক শক্তির সাথে আঁতাত করে দেশের মধ্যে অরাজক পরিস্থিতি তৈরি করবেন, এইটা জনগণ কখনো মেনে নেবে না। জনগণ সতর্ক এবং সচেতন।’
এ সময় সরকারের অর্জন তুলে ধরে রিজভী বলেন, বিশ্ব ক্ষুধা সূচকে প্রতিবেশী ভারত ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে। এটি সরকারের সঠিক নীতির প্রতিফলন।
লিফলেট বিতরণ কর্মসূচিতে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদুর রহমান, ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।