সুনামগঞ্জের ধর্মপাশায় বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১২টা থেকে রাত ৩টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিজ নিজ বসতবাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ধর্মপাশা উপজেলার বড়খলা গ্রামের আছর উদ্দিনের ছেলে আলী নুর (৩৫) এবং দুবালা গ্রামের মৃত দেবেন্দ্র চন্দ্র দেবনাথের ছেলে আজিজ দেবনাথ (৫০) ও সিতেন দেবনাথ (৩৬)।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেনের নির্দেশনায় উপপরিদর্শক শরীফুল ইসলাম এবং সহকারী উপপরিদর্শক আবুল খায়ের ও নুরুল আমীন খানের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, আলী নুর ধর্মপাশা থানার জিআর-১২২/২৫ নম্বর মামলার এবং আজিজ দেবনাথ ও সিতেন দেবনাথ জিআর-১০৭/২৬ নম্বর মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। গ্রেপ্তারের পর তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, মাদক, জুয়া ও অনলাইন জুয়া প্রতিরোধ এবং গ্রেপ্তারি পরোয়ানা তামিলে থানা-পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।