নিজের পণ্য কিনতে নিষেধ করার পর দোকানে ক্রেতাদের দীর্ঘ লাইন

বেশির ভাগ দোকানি পণ্য বিক্রির জন্য ক্রেতাদের আকৃষ্ট করতে নানা কৌশল অবলম্বন করেন। কিন্তু দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের এক ব্যবসায়ী ঠিক উল্টো কাজ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাখ্যাতি পেয়েছেন। ক্রেতাদের পণ্য কিনতে নিরুৎসাহিত করেন তিনি। এমনকি নিজের পণ্যকে বাজে বলতেও দ্বিধা করেন না। অথচ তাঁকে একনজর দেখতে এবং তাঁর দোকান থেকে স্কার্ফ (দক্ষিণ কোরিয়ায় মাফলার হিসেবে ব্যবহৃত হয় এমন কাপড়) কিনতে প্রতিদিনই ভিড় করছেন শত শত মানুষ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এই ব্যবসায়ী পরিচিতি পেয়েছেন ‘নামদেমুন স্কার্ফ ম্যান’ নামে। সিউলের ঐতিহ্যবাহী নামদেমুন বাজারের একটি ছোট দোকানে স্কার্ফ বিক্রি করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাঁকে ক্রেতাদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘আপনারা কি জানতেন না, এখানে শুধু বাজে জিনিসপত্র বিক্রি হয়? আপনারা কি কুকুরের ঘরের জন্য স্কার্ফ কিনতে এসেছেন?’

আসলে পণ্য বিক্রির প্রচলিত কৌশলের বিপরীতে ক্রেতাদের সঙ্গে রসিকতা করেন তিনি, তাঁদের কেনাকাটার অভ্যাস নিয়ে ঠাট্টা করেন। কখনো কখনো এমন কথাও বলেন, এই ব্যবসা ছেড়ে দেওয়াই তাঁর জন্য ভালো হবে। তাঁর এই ব্যতিক্রমী আচরণই যেন ক্রেতাদের আরও বেশি আকৃষ্ট করছে।

তাঁর দোকানে ছয়টি স্কার্ফের দাম ১০ হাজার কোরীয় ওন, যা প্রায় ৮৭৫ টাকার সমান। তবে ক্রেতাদের কাছে স্কার্ফের চেয়ে বিক্রেতার সঙ্গে সরাসরি দেখা করার আকর্ষণই বেশি।

সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা
সিউলের অন্যতম পরিচিত ঐতিহ্যবাহী বাজার নামদেমুন। শত শত দোকান ও স্টলে সাজানো এই বাজারে পোশাক, জুতা, ব্যাগ, গৃহস্থালি সামগ্রী ও খাবার বিক্রি হয়। প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানে ক্রেতা-বিক্রেতার দর-কষাকষি ও সরাসরি যোগাযোগের সংস্কৃতি চলে আসছে।

স্কার্ফ ম্যানের সঙ্গে ক্রেতাদের মজার কথোপকথনের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ইনস্টাগ্রামে তাঁর অনুসারীর সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। ইউটিউবেও বাড়ছে দর্শক।

তাঁর জনপ্রিয়তা কাজে লাগিয়ে চালু হয়েছে অনলাইন দোকানও। তবে প্রথম চালানের সব পণ্য ২৪ ঘণ্টার মধ্যেই বিক্রি হয়ে যায়। অর্ডারের চাপ সামলাতে না পেরে পরে ক্রেতাদের অর্ডার বাতিল করার অনুরোধ জানান তিনি।

স্কার্ফ নয়, আকর্ষণ বিক্রেতা নিজেই
আন হিয়ো-সুন নামের এক নারী স্কার্ফ ম্যানের ভিডিও নিয়মিত দেখার পর তাঁকে দেখতে সিউলের অন্য প্রান্ত থেকে ওই দোকানে যান। কিন্তু গিয়ে তাঁর দেখা পাননি।

তিনি বলেন, ‘আগে তার কণ্ঠ শুনেছিলাম। ভেবেছিলাম তিনি দোকানে আছেন। তাই খুব উত্তেজিত হয়ে পড়েছিলাম।’

আরেক ক্রেতা চো ইউন-সুক ইনচন থেকে প্রায় দেড় ঘণ্টা ভ্রমণ করে দোকানে আসেন। এর আগে একবার দেরিতে পৌঁছানোয় তাঁকে ফিরে যেতে হয়েছিল। এবারও দেখা না পেলে আবার আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

চো বলেন, ‘স্কার্ফ নিয়ে আমার বিশেষ আগ্রহ নেই। আমি শুধু ওই মানুষটিকে দেখতে চাই। তার কথা বলার ধরনে অদ্ভুত এক মায়া আছে।’

রহস্যময় এই বিক্রেতা
এত জনপ্রিয়তার পরও স্কার্ফ ম্যানের প্রকৃত নামসহ ব্যক্তিগত জীবনের অনেক তথ্য অজানা। সামাজিক যোগাযোগমাধ্যমে এক লাইভ অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, স্ত্রী ও সন্তান রয়েছে তাঁর। বহু বছর ধরে নামদেমুন বাজারে বিভিন্ন পণ্য বিক্রি করছেন।

কখন দোকান খুলবেন, সেটিও একধরনের রহস্য। সিএনএন টানা তিন দিন তাঁর দোকানে গিয়েও শেষ দিন অল্প সময়ের জন্য তাঁকে দেখতে পায়। দোকান বন্ধ করার সময় ভক্তরা ক্যামেরা নিয়ে তাঁকে ঘিরে ধরেন। একপর্যায়ে তাঁর হাসিমুখ দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন তাঁরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাখ্যাতি পাওয়ার দৌড়ে যখন অনেকেই ব্যস্ত, তখন স্কার্ফ ম্যান সাক্ষাৎকারের অসংখ্য অনুরোধ ফিরিয়ে দিয়েছেন। সিএনএনের সাক্ষাৎকারের প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন তিনি।

ইতালির ভেনিসের মনিকা পলি পর্যটকদের পকেটমার সম্পর্কে সতর্ক করে ভাইরাল হয়েছিলেন। অন্যদিকে ইস্তাম্বুলের আলপার তেমেল ভুট্টা ও চেস্টনাট বিক্রি করতে গিয়ে ‘কর্ন স্টার’ হিসেবে পরিচিতি পান।

তবে স্কার্ফ ম্যানের জনপ্রিয়তা অর্জনের কোনো বিশেষ চেষ্টা নেই। বরং নিজের পণ্য কিনতে নিষেধ করেই তিনি হয়ে উঠেছেন সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচিত মুখ। তাঁর দোকানের সামনে ক্রেতাদের দীর্ঘ সারি অবশ্য প্রমাণ করছে, তাঁর নিষেধাজ্ঞায় কান দিচ্ছেন না কেউই।