ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের স্পিকার নির্বাচনে পরাজয়ের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থান আরও দুর্বল হয়েছে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার পার্লামেন্টে বিরোধী জোটের প্রার্থী মাতান কাহানা স্পিকার নির্বাচিত হওয়ায় আইন প্রণয়ন ও পার্লামেন্টারি কার্যক্রমের ওপর বিরোধীদের নিয়ন্ত্রণ বেড়েছে। তবে নেসেটের নিয়ন্ত্রণ পেলেও নেতানিয়াহুকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে সরকার গঠনের পথে এখনো বড় ধরনের বাধার মুখে রয়েছে বিরোধীরা।রাজনৈতিক খবর পড়ুন
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, নেসেটের ২৬তম স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন গাদি আইজেনকটের ইয়াশার পার্টির নেতা মাতান কাহানা। তিনি নেতানিয়াহুর লিকুদ পার্টির আমির ওহানার স্থলাভিষিক্ত হয়েছেন। নেসেটের মুখপাত্রের তথ্য অনুযায়ী, কাহানার পক্ষে ভোট দিয়েছেন ৬৬ জন আইনপ্রণেতা। অন্যদিকে লিকুদ পার্টির প্রার্থী ও ক্ষমতাসীন জোটের হুইপ ওফির কাৎজ পেয়েছেন ৫২ ভোট।
স্পিকার নির্বাচনে প্রার্থীদের মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট হয়নি। প্রত্যেক প্রার্থীর পক্ষে আলাদাভাবে ভোট গ্রহণ করা হয়েছে।সংবাদ দেখুন
গত ২৭ অক্টোবরের নির্বাচনে নেসেটে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর আইনসভার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোটের এটিই প্রথম বড় পদক্ষেপ। ১২০ আসনের পার্লামেন্টে নেতানিয়াহুর ডানপন্থী ও অতি-রক্ষণশীল দলগুলোর জোট পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে বিরোধীদের হাতে রয়েছে ৬৭টি আসন। এর মধ্যে চারটি ইহুদি দলের আসন ৪৮টি। বাকি ১৯টি আসন পেয়েছে দুটি আরব দল জয়েন্ট লিস্ট ও রা’আম। আরব দল দুটির আসনসংখ্যা দেশটির পার্লামেন্টের ইতিহাসে রেকর্ড।
চলতি মাসের শুরুতে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ পরবর্তী সরকার গঠনের দায়িত্ব দেন আইজেনকটকে। নেতানিয়াহুকে সরিয়ে নতুন সরকার গঠনের জন্য তাঁর হাতে আরও সর্বোচ্চ সাড়ে চার সপ্তাহ সময় রয়েছে। তবে সরকার গঠনের বিষয়ে বিরোধী জোটের অভ্যন্তরীণ মতপার্থক্য এখনো কাটেনি।
এরই মধ্যে নেসেটের পূর্ণাঙ্গ অধিবেশন, গুরুত্বপূর্ণ পদ এবং আইন প্রণয়নের কর্মসূচির নিয়ন্ত্রণ নিয়েছে আইজেনকটের জোট। নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগপর্যন্ত ক্ষমতায় থাকা নেতানিয়াহুর তত্ত্বাবধায়ক সরকারের কার্যক্রমের ওপর নজরদারি ও নিয়ন্ত্রণ বাড়াতে এসব ক্ষমতা ব্যবহার করতে চায় তারা।
কাহানার নিয়োগকে ‘যথাযথ গণতান্ত্রিক পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেছেন আইজেনকট। তাঁর ভাষ্য, পরিবর্তনের পক্ষে ভোট দেওয়া নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতের প্রতিফলন ঘটেছে এই নির্বাচনের মাধ্যমে।সংবাদ দেখুন
আরব দলগুলোর সমর্থন নিয়ে বিতর্ক
স্পিকার নির্বাচনে কাহানার জয় ঠেকানোর চেষ্টা করেছিলেন নেতানিয়াহু ও তাঁর মিত্ররা। একই সঙ্গে তাঁরা এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেন। তাঁদের অভিযোগ, আরব দলগুলোর সমর্থনের ওপর নির্ভর করেই কাহানা নির্বাচিত হয়েছেন। যদিও অতীতে নেতানিয়াহু ও তাঁর মিত্ররাও বিভিন্ন পার্লামেন্টারি বিষয়ে আরব আইনপ্রণেতাদের সমর্থন চেয়েছেন।
ভোটের সময় কাহানার পক্ষে ভোট দেওয়া প্রত্যেক আরব আইনপ্রণেতাকে উদ্দেশ করে নেতানিয়াহুর জোটের সদস্যরা ‘লজ্জা’ বলে চিৎকার করেন। ভোটের পর ফলাফলের নিন্দা জানিয়ে লিকুদ পার্টি একে ‘নেসেটের ইতিহাসের সবচেয়ে নিচু মুহূর্তগুলোর একটি’ বলে অভিহিত করে। দলটির অভিযোগ, কাহানা এমন আইনপ্রণেতাদের ভোটে নির্বাচিত হয়েছেন, যাঁদের তারা ‘সন্ত্রাসবাদের সমর্থক’ বলে মনে করে।সংবাদ দেখুন
সরকার গঠনে বিরোধীদের মতপার্থক্য
নেসেটের নিয়ন্ত্রণ পেলেও নেতানিয়াহুকে সরিয়ে নতুন সরকার গঠনের বিষয়ে বিরোধী জোটের নেতাদের মধ্যে মতপার্থক্য রয়েছে। আইজেনকট চারটি ইহুদি বিরোধী দলের ৪৮ সদস্যকে নিয়ে একটি সংখ্যালঘু সরকার গঠনের পরিকল্পনা করছেন। তিনি এই সরকারকে ‘জাতীয় জরুরি সরকার’ হিসেবে অভিহিত করেছেন।
এই পরিকল্পনায় আরব দলগুলো সরাসরি সরকারে যোগ দেবে না। তবে বিভিন্ন ছাড় ও সুযোগ-সুবিধার বিনিময়ে পার্লামেন্টে সরকারকে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করবে, যাতে সরকার টিকে থাকতে পারে।
কিন্তু বিরোধী জোটের অন্যতম নেতা আভিগদর লাইবারম্যান এই পরিকল্পনার বিরোধিতা করছেন। আরব দলগুলোর সমর্থনের ওপর নির্ভরশীল কোনো সরকারে তিনি রাজি নন। বরং নেতানিয়াহুর দীর্ঘদিনের মিত্র হিসেবে পরিচিত দুটি অতি-রক্ষণশীল দল শাস ও ইউনাইটেড তোরাহ জুডাইজমের (ইউটিজে) সঙ্গে আলোচনার পক্ষে তিনি।
আশকেনাজি অতি-রক্ষণশীলদের প্রতিনিধিত্বকারী ইউটিজে নির্বাচনের পর প্রধানমন্ত্রী পদে নেতানিয়াহুর নাম সুপারিশ করতে অস্বীকৃতি জানিয়েছে। একই সঙ্গে আইজেনকটের জোটের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনার পথও খোলা রেখেছে দলটি। তবে স্পিকার নির্বাচনে তারা কাহানাকে সমর্থন না দিয়ে লিকুদ পার্টির প্রার্থীর পক্ষে ভোট দিয়েছে। অন্যদিকে দ্বিতীয় অতি-রক্ষণশীল দল শাস এখনো নেতানিয়াহুর প্রতি অনুগত। ফলে লাইবারম্যানের পরিকল্পনা কতটা কার্যকর হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।সংবাদ দেখুন
এদিকে সরকার গঠনের হিসাব-নিকাশে আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেত। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, তিনি আরব বা অতি-রক্ষণশীল দলগুলোর সঙ্গে জোট গঠনের পরিবর্তে নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গে ঐক্য সরকার গঠনের পক্ষে।
তবে নেতানিয়াহু শর্ত দিয়েছেন, যেকোনো আলোচনার ক্ষেত্রে তাঁকেই প্রধানমন্ত্রী হিসেবে বহাল থাকতে হবে। আইজেনকট এই শর্ত প্রত্যাখ্যান করেছেন। ফলে বেনেটের প্রস্তাবিত ঐক্য সরকার গঠনের সম্ভাবনাও অনিশ্চিত হয়ে পড়েছে।
সব মিলিয়ে নেসেটের স্পিকার পদ ও গুরুত্বপূর্ণ পার্লামেন্টারি নিয়ন্ত্রণ হারিয়ে নেতানিয়াহু আরও চাপে পড়লেও বিরোধী জোট এখনো তাঁর বিকল্প সরকার গঠনের বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি। ফলে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা বিরোধীদের হাতে থাকলেও প্রধানমন্ত্রীর পদে পরিবর্তন আসবে কি না, তা এখনো নিশ্চিত নয়।