সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় জেলাভিত্তিক ফলাফলে পাসের হারে সবচেয়ে এগিয়ে রয়েছে সিলেট জেলা। অন্যদিকে চার জেলার মধ্যে সর্বনিম্ন পাসের হার মৌলভীবাজারে।
বোর্ডের জেলাভিত্তিক ফলাফল পরিসংখ্যান অনুযায়ী, সিলেট জেলায় এ বছর পাসের হার ৫৭ দশমিক ৬২ শতাংশ। এ জেলা থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৩০ হাজার ৯৫৭ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৭ হাজার ৮৩৭ জন। জেলায় জিপিএ-৫ পেয়েছে ৯০৩ জন।
অন্যদিকে মৌলভীবাজার জেলায় পাসের হার ৪৩ দশমিক ৮৪ শতাংশ। এ জেলা থেকে ১৪ হাজার ৫৭০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৬ হাজার ৩৮৭ জন। জিপিএ-৫ পেয়েছে ১৫১ জন।
এ ছাড়া হবিগঞ্জ জেলায় পাসের হার ৪৭ দশমিক ৯৫ শতাংশ। এ জেলায় ১২ হাজার ৬৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬ হাজার ৮৯ জন। জিপিএ-৫ পেয়েছে ১০৪ জন।
সুনামগঞ্জ জেলায় পাসের হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ। এ জেলা থেকে ১৩ হাজার ৬৬৭ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৬ হাজার ২৮৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৪৬ জন।
জেলাভিত্তিক ফলাফলে দেখা যায়, সর্বোচ্চ ও সর্বনিম্ন পাসের হারের জেলার মধ্যে ব্যবধান ১৩ দশমিক ৭৮ শতাংশ পয়েন্ট। চার জেলার মধ্যে জিপিএ-৫ প্রাপ্তিতেও সিলেট জেলা সবার ওপরে এবং সুনামগঞ্জ সবার নিচে রয়েছে।