ফিরছেন হামজা, বাংলাদেশ ম্যাচের একাদশে আছেন আর কারা

সাধারণত টসের সময় একাদশ ঘোষণা করলেও দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো দলগুলো এক দিন আগেই একাদশ ঘোষণা করে। এবার বাংলাদেশের বিপক্ষেও তা-ই করল প্রোটিয়ারা। আগামীকাল জোহানেসবার্গে শুরু হতে যাওয়া বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের আগে আজ একাদশ ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা।

জোহাসেনবার্গে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন টেম্বা বাভুমা। বাভুমার নেতৃত্বাধীন এই দলে চমক বলতে জুবায়ের হামজা। এই ম্যাচ দিয়ে যে হামজার অভিষেক হচ্ছে, ব্যাপারটা তা নয়। বাংলাদেশ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দুই বছর পর ফিরছেন তিনি। সবশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টের পর দক্ষিণ আফ্রিকার জার্সিতে খেলা হয়নি তাঁর। মানচিত্র দেখুন

ব্যাটিং লাইনআপে বাভুমা, এইডেন মার্করাম, মারকাস অ্যাকারমান, হামজার সঙ্গে আছেন ম্যাথু ব্রিটজকে, রায়ান রিকেলটন। যাঁদের মধ্যে রিকেলটনের হাতে থাকবে উইকেটরক্ষকের গ্লাভস। আছেন দুই পেস বোলিং অলরাউন্ডার ভিয়ান মুল্ডার ও মার্কো ইয়ানসেন। সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দুজনেই ব্যাটিং-বোলিং সব বিভাগেই দুর্দান্ত খেলেছেন। যাঁর মধ্যে ভিয়ান মুল্ডারের সেঞ্চুরিও রয়েছে।

দুই পেস বোলিং অলরাউন্ডার মুল্ডার, ইয়ানসেনের সঙ্গে স্বীকৃত পেসার হিসেবে আছেন কাগিসো রাবাদা ও ড্যান প্যাটারসন। তবে তারকা স্পিনার কেশব মহারাজ বাংলাদেশের বিপক্ষে জোহানেসবার্গ টেস্টের একাদশে জায়গা পাননি। এই ম্যাচে দলের একমাত্র স্বীকৃত স্পিনার সাইমন হারমার।

দক্ষিণ আফ্রিকা জার্সিতে এখন পর্যন্ত ৮ টেস্ট ও এক ওয়ানডে খেলেছেন। যার মধ্যে টেস্টে ১৯.১৮ গড়ে করেন ৩০৭ রান। একটা ফিফটিও রয়েছে তাঁর। আর ২০২১ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে একমাত্র ওয়ানডেতে করেছেন ৫৬ রান। আর প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর পরিসংখ্যান চমক জাগানিয়া। ১১২ ম্যাচে ১৮৬ ইনিংস ব্যাটিং করে ৭৮৫৪ রান করেছেন। গড় ৪৮.১৮। ২০ সেঞ্চুরির পাশাপাশি করেন ৪২ ফিফটি।

১৫ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্টের ভেন্যু সেঞ্চুরিয়নের সুপারস্পোর্টস পার্ক। ২৩ নভেম্বর মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট। এই টেস্ট সিরিজ ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার একাদশমানচিত্র দেখুন

এইডেন মার্করাম, মারকাস অ্যাকারমান, জুবায়ের হামজা, টেম্বা বাভুমা (অধিনায়ক), ম্যাথু ব্রিটজকে, রায়ান রিকেলটন (উইকেটরক্ষক), ভিয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন, সাইমন হারমার, কাগিসো রাবাদা, ড্যান প্যাটারসন