বাংলাদেশ দলে চমক রবিন

ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান করে যাচ্ছেন মাহফিজুল ইসলাম রবিন। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন তিনি। প্রথমবারের মতো সুযোগ পেলেন বাংলাদেশ দলে। তাঁর দলে ডাক পাওয়াটাই বড় চমক।

নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। এই সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার জায়গা পেলেন রবিন। চলমান জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ৬৭২ রান করে সর্বোচ্চ রানসংগ্রাহক তিনি। ময়মনসিংহের হয়ে পাঁচ ম্যাচে ৩ সেঞ্চুরি ও ২ ফিফটি করেছেন। যাঁর মধ্যে রয়েছে একটা ডাবল সেঞ্চুরিও। গড় ৭৪.৬৬।

নাঈম শেখের ফেরাটাও এক অর্থে চমক। একমাত্র টেস্ট তিনি খেলেছিলেন ২০২২ সালের জানুয়ারিতে ক্রাইস্টচার্চে। দেশের প্রথম শ্রেণির ক্রিকেটে নিয়মিত রান করার পুরস্কারস্বরূপ প্রায় পাঁচ বছর পর ফিরলেন বাংলাদেশ টেস্ট দলে। এবারের এনসিএলে দ্বিতীয় সর্বোচ্চ ৬১২ রান করেছেন তিনি। ঢাকার জার্সিতে ৩ সেঞ্চুরি ও এক ফিফটি করেছেন। যার মধ্যে রয়েছে ২৮২ রানের এক ম্যারাথন ইনিংস।

বাংলাদেশ দল এখন ব্যস্ত সিলেটে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাটিং করছে শান্তর দল। চলমান উইন্ডিজ সিরিজের দল থেকে বাদ পড়েছেন অমিত হাসান ও সাদমান ইসলাম। গোড়ালি মচকে যাওয়ায় সিলেটে তিনি ব্যাটিংয়ের সুযোগ পাচ্ছেন না। আর অমিত না খেলেই জায়গা হারিয়েছেন দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে। মুমিনুল মিরপুর টেস্টে চোট পাওয়ায় খেলতে পারেননি সিলেট টেস্টে। তাঁর বদলি হিসেবে অমিতকে সিলেটে নিয়েছিল বিসিবি। এবার প্রোটিয়া সিরিজে ফিরেছেন মুমিনুল।

শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দলে এবার আছেন দুই উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক ও লিটন দাস। দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে স্বীকৃত স্পিনার কেবল দুজন। স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের সঙ্গে আছেন তাইজুল ইসলাম। পেস বোলিং বিভাগে তাসকিন আহমেদের সঙ্গে আছেন ইবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, শরীফুল ইসলাম ও ইবাদত হোসেন চৌধুরী।

প্রোটিয়া সিরিজের দলে টপ অর্ডার ব্যাটারও একেবারে কম নয়।

বাংলাদেশ দল:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, ইবাদত হোসেন চৌধুরী, খালেদ আহমেদ ও মাহফিজুল ইসলাম রবিন।