‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সৌরবিদ্যুতের প্রসার ও ব্যবহার ত্বরান্বিত করার লক্ষ্যে আয়োজিত ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’-এর শুভ উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি।

মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এক্সপোর উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী মেলার বিভিন্ন স্টল ও প্রদর্শনী ঘুরে দেখেন। এ সময় তিনি সৌরবিদ্যুৎ খাতসংশ্লিষ্ট বিভিন্ন উদ্ভাবনী পণ্য ও প্রযুক্তি সম্পর্কে খোঁজখবর নেন এবং উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

সৌরবিদ্যুতের ব্যবহার বৃদ্ধি, নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং এ খাতে নতুন উদ্ভাবন ও বিনিয়োগের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ৩ ও ৪ নভেম্বর দুই দিনব্যাপী এ এক্সপোর আয়োজন করা হয়েছে।

বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) যৌথভাবে এ আয়োজন করেছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৪ নভেম্বর বিকেল পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’।