২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএনপি আবারও আ. লীগের পথেই হাঁটছে – হাসনাত আব্দুল্লাহ

 

 

ডায়ালসিলেট ডেস্ক ::  সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে আইন মন্ত্রণালয়ের অধীনে এনে বিচার বিভাগের স্বাধীনতা হরণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি।

তিনি বলেন, বিচার বিভাগ নিয়ে বিএনপি আবারও আ. লীগের পথেই হাঁটছে ।

 

সোমবার (২৫ মে) বিকেলে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর হামলা, এনসিপি ও ছাত্রদলের পাল্টাপাল্টি মামলা ও গ্রেফতারের বিষয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

৫ আগস্টের পরে আমরা বিচার বিভাগের স্বাধীনতার পথে ধাবিত হচ্ছিলাম। এখন বিচারকদের পোস্টিং, প্রমোশন কে নিয়ন্ত্রণ করে বিএনপি বিচারকদের স্বাধীনতা হরণ করেছে। সেটির মহড়া আমরা ঝিনাইদহে দেখতে পাচ্ছি। এই কর্মকাণ্ডকে আমরা যদি বিশ্লেষণ করি আমাদের মনে হয় না বিচারকদের রায় বিচারালয়ে বসে হয়।

 

আমাদের মনে হয় ঢাকা থেকে সেটি রিমোট কন্ট্রোলে পরিচালিত হয়।

 

তিনি আরও বলেন, পুলিশ তো কোন দলের হওয়ার কথা ছিলো না। পুলিশ হওয়ার কথা বাংলাদেশের জনগণের। আইনগত বিষয় পুলিশ আইনগতভাবে সমাধান করবে। কিন্তু আমরা দেখলাম, আ.লীগ আমলে সরকার দলীয় আদেশের অপেক্ষায় থেকে পুলিশ যেভাবে পেটুয়া বাহিনীর কাজ করতো একইভাবে পুলিশ পেটুয়া বাহিনীরা ভূমিকায় অবতীর্ণ হচ্ছে।

পুলিশের একাংশ অসহায় উল্লেখ করে তিনি বলেন, পুলিশকে পোস্টিং-প্রমোশন ও পদায়নের ভয় দেখিয়ে সরকার তাদেরকে আবারও লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে চাচ্ছে। পুলিশ ভাইদের কাছে আহ্বান জানাবো, আপনারা পেশায় মেধা, দক্ষতা ও ট্রেনিং এর মধ্য দিয়ে এসেছেন। আপনারা ৫ আগস্ট ও জুলাইয়ের কথা মনে রাখুন। বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে আ. লীগের দল দাস হয়ে পুলিশের যে পরিণতি হয়েছিল আমরা বিশ্বাস করি আপনারা পুলিশকে সেইদিকে ঠেলে দেবেন না।

 

উল্লেখ্য, ঝিনাইদহে ছাত্রদল নেতার দায়ের করা মামলায় রোববার গ্রেপ্তার হন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা। পরে সকাল ১০টায় তিনি জামিন পেলে পরে ঝিনাইদহ জেলা কারাগার থেকে মুক্তি লাভ করেন।