বিভাগীয় শহরগুলোতে ক্রিকেট একাডেমি করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাত থেকে আট শহরে এই বিভাগীয় একাডেমিগুলো হতে পারে বলে জানিয়েছেন তামিম ইকবাল। ২৮ নভেম্বর বোর্ড মিটিংয়ে এটা আলোচনা করা হবে।
এক সংবাদ সম্মেলনে বিসিবি একাডেমি বানানোর প্রয়োজনীয়তা উল্লেখ করেছেন তামিম। জানিয়েছেন স্থানীয় এই একাডেমিগুলো নিয়ে তাঁর কী পরিকল্পনা রয়েছে। বিসিবি সভাপতি বলেন, ‘আমি আরেকটা ছোট জিনিস বলি। এই পরিকল্পনা আরেকটু শেষ করে বলা উচিত ছিল। কিন্তু আপনাদের সঙ্গে আমার খুব বেশি এরকম বলাও হয় না। সাত থেকে আটটা শহরে হতে যাচ্ছে বিসিবি একাডেমি। ২৮ নভেম্বর মিটিংয়ে এটা তুলব।’
স্থানীয় একাডেমিগুলো থাকা খুবই খুবই খুবই জরুরি। এখন মজার বিষয়টা হলো বিসিবি একাডেমি করতে বিসিবির বিনিয়োগ কতটুকু, খরচ কতটুকু, বিনিয়োগ কতটুকু? খুবই কম। দেখুন আপনার যদি মাইন্ডসেট ঠিক থাকে, যদি বাংলাদেশ ক্রিকেটের জন্য আপনি ভালো কিছু করতে চান, তাহলে ভালো কিছু হবে। আপনাকে একটা উদাহরণ দিচ্ছি সিলেটের মাধ্যমে। যদি একটা একাডেমি সিলেটে হয়, সেখানে মাঠ আছে, উইকেট আছে। ইনডোরও আছে। আমার কী লাগবে একটা একাডেমি শুরু করতে? বল আর কাপড়। আমার সবরকম ব্যবস্থা আছে্। চট্টগ্রাম, খুলনা, বগুড়া, বরিশাল—সবই তো আছে আমার কাছে।’
জেলা-বিভাগীয় পর্যায়ের কোচগুলো একটা নির্দিষ্ট সময়ের পর ‘বেকার’ হয়ে পড়েন। তাঁদেরই কাজে লাগানোর পরিকল্পনা করছেন তামিম। আজ সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি বলেন, ‘আমি জেলার কোচদের বেতন দিই। বিভাগীয় কোচদেরও বেতন দিই। তারা তিন মাস-চার মাস কাজ করেন। তারপরে তাদের কোনো কাজ থাকে না অনেক সময়। ওনারাই এই একাডেমিগুলোতে এখন কাজ করবে। সবই তো আমার কাছে আছে। আমি বেতনও দিচ্ছি, মাঠও আছে, ইনডোরও আছে। তবে এই জিনিসটা আমার বাস্তবায়ন করতে একটা বল আর কাপড় লাগবে। এছাড়া আর কোনো কিছু না।’
এ বছরের জুনে তামিম বিসিবি সভাপতি হওয়ার পর বেশ কিছু স্থাপনা নির্মাণ ও সংস্কারের কাজে হাত দিয়েছেন। সাবেক ক্রিকেটারদের জন্য তৈরি করছেন টাইগার্স ডেন। দলের ক্রিকেটারদের জন্য সুইমিং পুল তৈরি হচ্ছে, সংস্কার হচ্ছে জিমনেসিয়াম। বিসিবি একাডেমিতে বসছে টার্ফ। দায়িত্ব নেওয়ার পাঁচ মাসে অবকাঠামোগত উন্নয়নে কিছু উদ্যোগ নিয়েছেন।
প্রাইম ব্যাংকের সঙ্গে ক্রিকেটের অবকামাঠোগত উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করতে চুক্তি করা হয়েছে বলে জানিয়েছেন তামিম। বিসিবি সভাপতি বলেন, ‘আপনারা জানেন যে আমরা কিছু নতুন ব্যাপার যোগ করেছি। এখানে সুইমিং পুল আছে, রিকভারি সেন্টার আছে, পাশাপাশি নতুন জিম, অ্যাথলেটিক ট্র্যাক। সবই আছে। এটা নিয়ে আমরা একটা বিনিয়োগ করেছি অবশ্যই। কিন্তু এটা নিয়ে আমরা গত তিন-চার মাস ধরে কাজ করছিলাম যে আমরা ভালো পৃষ্ঠপোষক পাই কি না। আমি আজ জানাচ্ছি যে পাঁচ বছরের জন্য প্রাইম ব্যাংক পৃষ্ঠপোষকের দায়িত্ব নিয়েছে। ৬০ থেকে ৭০ শতাংশ বিনিয়োগ করবে। সেই টাকা আমরা ফেরত পাব।’