ডায়াল সিলেট ডেসক
হবিগঞ্জের মাধবপুরে বেপরোয়া গতির একটি বাসের ধাক্কায় মোফাজ্জল হোসেন (২৩) নামে এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।নিহত মোফাজ্জল উপজেলার করড়া গ্রামের জয়নাল আবেদিনের ছেলে এবং মাধবপুর সৈয়দ সঈদ উদ্দিন কলেজের শিক্ষার্থী ছিলেন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের করড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে বন্যার পানিতে সৃষ্ট নালায় মাছ ধরার জন্য বের হয়েছিলেন মোফাজ্জল। সকাল ৭টার দিকে করড়া এলাকার আল-আমিন হোটেলের সামনে মহাসড়ক পারাপারের সময় সিলেটগামী একটি বেপরোয়া বাস তাকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা ও স্বজনরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তিনি মারা যান।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদ উল্ল্যাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাসটিকে শনাক্ত করার জন্য পুলিশ কাজ করছে। নিহতের মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।