ভারতের গুজরাটে কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫

 

ভারতের গুজরাটে কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫

ভারতের গুজরাটের ভারুচ জেলায় একটি রাসায়নিক উৎপাদনকারী কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পাঁচ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। শনিবার (১৭ অক্টোবর) সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

কর্মকর্তারা জানান, শুক্রবার (১৬ অক্টোবর) রাত ১০টার দিকে ভ্যাগরা তালুকের সায়খা জিআইডিসি এলাকায় অবস্থিত সিনজিল ফার্মাকেমে হাইড্রোজেনেশন প্রক্রিয়া চলার সময় বিস্ফোরণটি ঘটে। এতে মিথিলিন ডাইক্লোরাইড (এমডিসি) গ্যাসের বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে।

ভারুচের মহকুমা ম্যাজিস্ট্রেট মনীষা মানানি জানান, মাত্র এক বছর আগে সায়খায় প্রতিষ্ঠিত সিনজিল ফার্মাকেমে ওষুধ তৈরির মধ্যবর্তী উপাদান উৎপাদন করে। হাইড্রোজেনেশন প্রক্রিয়ার সময় বিস্ফোরণটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে এতে রিঅ্যাক্টর ট্যাংকটি ছিন্নভিন্ন হয়ে যায় এবং কারখানা প্রাঙ্গণজুড়ে যন্ত্রপাতির বিভিন্ন অংশ ছড়িয়ে পড়ে।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে পুলিশ সুপার অক্ষয়রাজ মাকওয়ানা জানান, বিস্ফোরণে পাঁচজন নিহত হয়েছেন এবং আরও পাঁচজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন আমোদের বাসিন্দা জয়দীপ মহেশভাই প্যাটেল ও ভাবিক দিলীপকুমার ভাসাভা, গির সোমনাথ জেলার তালালার বাসিন্দা বৃন্দ তালাভিয়া এবং উত্তর প্রদেশের বাসিন্দা অনিকেত হরিলাল গৌতম ও অর্জুনকুমার রামসিং গৌতম।