মবোক্রেসি দিয়ে ক্ষমতা বদল চান রাহুল: স্মৃতি ইরানি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার ও ভোটার তালিকা পুননিরীক্ষণ কার্যক্রমের (এসআইআর) বিরুদ্ধে বিরোধী জোটের প্রতিবাদ দিন দিন জোরালো হচ্ছে। ককরোচ জনতা পার্টি (সিজেপি) নামে একটি সোশ্যাল মিডিয়া ভিত্তিক সংগঠন এই আন্দোলন মুখ হয়ে উঠলেও বিরোধী দলগুলো এখন প্রকাশ্যে তাদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কড়া সমালোচনা করেছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সাধারণ সম্পাদক স্মৃতি ইরানি।

তিনি অভিযোগ করেছেন, লোকসভার বিরোধীদলীয় নেতা সরকার বা প্রাতিষ্ঠানিক ব্যবস্থার সঙ্গে আলোচনার পথ এড়িয়ে ‘মবোক্রেসি’-এর মাধ্যমে ক্ষমতা পরিবর্তন করতে চান।

সংবাদমাধ্যম এনডিটিভি-কে দেওয়া একটি একান্ত সাক্ষাৎকারে বিজেপি নেত্রী স্মৃতি ইরানি এই মন্তব্য করেন।

স্মৃতি ইরানি দাবি করেন, ২০২৫ সালে রাহুল গান্ধী প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন যে তাঁর লড়াই বিজেপির বিরুদ্ধে নয়, বরং ‘ভারতীয় রাষ্ট্রের’ বিরুদ্ধে।

তিনি প্রশ্ন তোলেন, ‘ভারতীয় রাষ্ট্র ব্যবস্থা বলতে কী বোঝায়? তা হলো ভারতের গণতান্ত্রিক কাঠামো। আর এই গণতান্ত্রিক কাঠামোকে সচল রাখে ভারতের নির্বাচন কমিশন। অথচ রাহুল গান্ধী অনবরত এই নির্বাচন কমিশনকেই আক্রমণ করে যাচ্ছেন।’

সাক্ষাৎকারে বিজেপির এই শীর্ষস্থানীয় নেত্রী অভিযোগ করেন, রাহুল গান্ধী মনে করেন দেশকে শাসন করা তাঁর ‘জন্মগত অধিকার’।

স্মৃতি ইরানি বলেন, ‘নিজের সেই ধারণা পোষণ করায় তাঁর অধিকার রয়েছে। কিন্তু সেই লক্ষ্য পূরণের উদ্দেশ্যে তিনি কি আইন ভাঙতে পারেন? তিনি কি সহিংসতায় উসকানি দিতে পারেন?’

তিনি আরও বলেন, রাজনৈতিক দল হিসেবে বিরোধীদের উদ্দেশ্য যে স্বচ্ছতা রক্ষা নয়, বরং কেবল ক্ষমতা পরিবর্তন করা, তা রাহুল গান্ধীর সহযোগীরাও সংবাদ সম্মেলনে প্রকাশ করেছেন।