ডায়ার সিলেট ডেকস
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিনের ওপর হামলা হয়। এ ঘটনায় দলটির দুই নেতাকে বহিষ্কার করেছে বিএনপি ।
মঙ্গলবার (২৯ জুলাই) রাত ৮টায় বিএনপির কেন্দ্রীয় ভেরিফায়েড ফেসবুক পেইজে সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
বহিষ্কৃত দুই নেতা হলেন-বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আলম এবং সাবেক সাধারণ সম্পাদক পদপ্রার্থী ড. টি এম মাহবুবুর রহমান।
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও হিংসাত্মক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁদেরকে প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ঘটনার সূত্রপাত ১২ জুলাই বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সম্মেলনকে ঘিরে। ওই দিন সমিউদ্দীন স্মৃতি কলেজ মাঠে সম্মেলনের ফলাফল ঘোষণার পর বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন মির্জা ফয়সল আমিন। হামলার সময় তাঁর ব্যবহৃত গাড়িটিও ভাঙচুর করা হয়।
পরদিন ১৩ জুলাই জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী সংবাদ সম্মেলন করে ফলাফল স্থগিতের ঘোষণা দেন। একই দিন জেলা বিএনপি জরুরি সভা ডেকে হামলার ঘটনায় জড়িত দুই নেতার বিরুদ্ধে বহিষ্কারের সুপারিশ করে কেন্দ্রীয় দপ্তরে পাঠায়।এদিকে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, ঘটনার বিষয়ে থানায় কোনো পক্ষই এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি ।