সিলেট

সিলেটে চাঞ্চল্যকর সাবানা হ/ত্যা/কা/ন্ডে ৪ জনের ফাঁ/সিসিলেটে চাঞ্চল্যকর সাবানা হ/ত্যা/কা/ন্ডে ৪ জনের ফাঁ/সি

সিলেটে চাঞ্চল্যকর সাবানা হ/ত্যা/কা/ন্ডে ৪ জনের ফাঁ/সিসিলেটে চাঞ্চল্যকর সাবানা হ/ত্যা/কা/ন্ডে ৪ জনের ফাঁ/সি

সিলেটের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে চাঞ্চল্যকর সাবানা বেগম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অপর দুই আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন পাঁচ আসামি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন। রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ৭ এপ্রিল শ্রীমঙ্গল উপজেলার পূর্ব লইয়ারকুল গ্রামে বাড়ির পানি নিষ্কাশন নিয়ে বিরোধের জেরে সাবানা বেগমকে (৩০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। তিনি ওই গ্রামের জয়নাল মিয়ার স্ত্রী। এ ঘটনায় নিহতের ভাই হেলাল মিয়া বাদী হয়ে ১৪ জনকে আসামি করে শ্রীমঙ্গল থানায় হত্যা মামলা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন পূর্ব লইয়ারকুল গ্রামের ফারুক মিয়ার ছেলে নাসির মিয়া (২৬) ও গিয়াস মিয়া (২৫) এবং মৃত মতন মিয়ার ছেলে বিল্লাল মিয়া (৩০) ও দুলাল মিয়া (২৬)।

মামলার অপর আসামি মহিবুর রহমান ওরফে অমৃত মিয়াকে (৫০) দণ্ডবিধির ৩২৬ ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড, ২৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। জয়নাল আবেদীনকে (৫৫) দণ্ডবিধির ৩২৩ ধারায় এক বছরের সশ্রম কারাদণ্ড, এক হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ে তাঁদের পূর্ববর্তী হাজতবাসের সময় সাজা থেকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় জাবেদ মিয়া, হাসি বেগম, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল বাশার মিয়া, মো. আলী ইসলাম ও নাজমিন বেগমকে খালাস দিয়েছেন আদালত।

মামলার রায় নিশ্চিত করেছেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের এপিপি আব্দুল ওয়াহিদ। রায়ে মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া দণ্ডিত আসামিদের কাছ থেকে আদায় করা অর্থদণ্ডের সম্পূর্ণ টাকা নিহতের পরিবারের সদস্যদের দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।