সিলেট নগরীতে বাসে অগ্নিসংযোগ ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তা ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে এয়ারপোর্ট থানাধীন নতুনবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গত ১৬ নভেম্বর রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে এয়ারপোর্ট থানাধীন খাদিমনগর ইউনিয়ন পরিষদের সামনে সিলেট-কোম্পানীগঞ্জ রুটে চলাচলকারী সাদা পাথর এক্সপ্রেসের দুটি বাসের পেছনের টায়ারে আগুন দেওয়া হয়। পরে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সৈয়দ আব্দুল্লাহ আল-মাসুদ (২৫), মহানগর ছাত্রলীগের উপ-সম্পাদক আব্দুল কাদির বাপ্পি (২২), ছাত্রলীগের সক্রিয় কর্মী মো. সৈয়দ শাকীব (২৫) এবং মো. জাহেদ (২৩)।
পুলিশের দাবি, গ্রেফতার ব্যক্তিরা নিজেদের ব্যবহৃত মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জারে নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন গ্রুপে যুক্ত থেকে সিলেট মহানগরের বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা ও অপরাধ সংঘটন করতেন।
এ ঘটনায় ১৭ নভেম্বর এয়ারপোর্ট থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০২৬)-এর ৯(৩)/১০/১১/১২/১৩ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ২৯।