নাটক, বিজ্ঞাপন, বড় পর্দা কিংবা ওয়েব সিরিজ- সব মাধ্যমেই অভিনয় দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন চঞ্চল চৌধুরী। পেশাগত ব্যস্ততার পাশাপাশি পরিবারকেও সময় দেন এই অভিনেতা। সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝেমধ্যে পরিবারের সঙ্গে কাটানো মুহূর্ত এবং ব্যক্তিগত অনুভূতিও ভাগ করে নেন ভক্তদের সঙ্গে।
এবার ছেলের এসএসসি পরীক্ষাকে ঘিরে নিজের স্কুলজীবনের স্মৃতিতে ফিরে গেলেন চঞ্চল। অভিনেতার একমাত্র ছেলে শুদ্ধর এসএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক পরীক্ষা শুরু হয়েছে। বাবার জীবনের যে অধ্যায় বহু বছর আগে পেরিয়ে এসেছে, এখন সেই একই পর্যায়ে পৌঁছেছে ছেলে। সময়ের এই মিলই আবেগাপ্লুত করেছে অভিনেতাকে।মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি ছবি পাশাপাশি সাজিয়ে প্রকাশ করেন চঞ্চল। একটি তার নিজের এসএসসি পরীক্ষার সময়ের স্মৃতিবিজড়িত ছবি, অন্যটি সাম্প্রতিক সময়ে ছেলে শুদ্ধর সঙ্গে তোলা।মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি ছবি পাশাপাশি সাজিয়ে প্রকাশ করেন চঞ্চল। একটি তার নিজের এসএসসি পরীক্ষার সময়ের স্মৃতিবিজড়িত ছবি, অন্যটি সাম্প্রতিক সময়ে ছেলে শুদ্ধর সঙ্গে তোলা।ছবির ক্যাপশনে চঞ্চল জানান, যে বছর তিনি এসএসসি পরীক্ষা দিয়েছিলেন, এটি সেই বছরের ছবি। অন্যদিকে, কয়েক দিন আগের ছবিতে দেখা যাচ্ছে বাবা-ছেলেকে। অভিনেতা জানান, তার একমাত্র ছেলে শুদ্ধর এসএসসি টেস্ট পরীক্ষা শুরু হয়েছে। আগামী ২০২৭ সালের মার্চে তার চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা।
ছেলের এই গুরুত্বপূর্ণ সময় সামনে রেখে সবার কাছে দোয়া ও শুভকামনা চেয়েছেন চঞ্চল। পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘সময় বহমান….সব সময়ই মানুষের ভালোবাসা ও শুভ কামনা কাম্য।’উল্লেখ্য, ২০০৭ সালে পেশায় চিকিৎসক শান্তা চৌধুরীকে বিয়ে করেন চঞ্চল চৌধুরী। এই দম্পতির একমাত্র সন্তান শুদ্ধ। চলতি বছরের আগস্টে দাম্পত্য জীবনের দীর্ঘ সময় পূর্তি উপলক্ষেও স্ত্রী ও সন্তানের জন্য সবার কাছে দোয়া চেয়েছিলেন জনপ্রিয় এই অভিনেতা।